ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান

বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪, ১১ নভেম্বর ২০২৬
তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও বিনিয়োগ বাড়াতে চান তারেক রহমান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনের আগে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

বৈঠকে রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে আগের বৈঠকের কথা স্মরণ করেন তারেক রহমান। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিরক্ষা সহযোগিতা গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। এ খাতে যৌথ বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার আহ্বান জানান তারেক রহমান।

নবায়নযোগ্য জ্বালানি ও খনিজ সম্পদে সহযোগিতা

জ্বালানি নিরাপত্তা ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে এ খাতে দুই দেশের অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা কামনা

রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের দৃঢ় অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের এ সংকট সমাধানে আন্তর্জাতিক ফোরামগুলোতে রোহিঙ্গাদের পক্ষে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হওয়া বৈঠকটি প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠককে দুই দেশের সম্পর্কের উষ্ণতার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা এ বৈঠকে প্রতিফলিত হয়েছে।

সন্ধ্যায় আনতালিয়ার পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা দেশের মানুষের জন্য গর্বের বিষয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিচ্ছেন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

এর আগে কপ-৩১-এর বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে মঙ্গলবার বিকেলে আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১১ ও ১২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সফরে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তাঁর।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!