শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, স্মৃতিচারণায় আবেগঘন পলাশ
দীর্ঘ নয় বছরের যাত্রা শেষে শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শেষ অংশের শুটিং। দীর্ঘদিনের এই পথচলায় ধারাবাহিকটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দর্শকের আবেগ ও ভালোবাসার জায়গা তৈরি করেছে। তাই শুটিং শেষ হওয়ার মুহূর্তটি আবেগপ্রবণ করে তুলেছে শিল্পী ও কলাকুশলীদেরও।
এবার ধারাবাহিকটির সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরেছেন জনপ্রিয় চরিত্র কাবিলা হিসেবে পরিচিত অভিনেতা জিয়াউল হক পলাশ।
মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করেন তিনি। রাজধানীর লালমাটিয়ার একটি রাস্তা ও গাছতলার স্মৃতি তুলে ধরে পলাশ জানান, সেখান থেকেই শুরু হয়েছিল তাদের দীর্ঘ পথচলা।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এখান থেকেই শুরু হয়েছিল সব। এই রাস্তা, এই গাছতলা, এই চেনা বিকেলগুলো। কত কথা, কত হাসি, কত না-বলা গল্প পড়ে আছে এখানে। সময় কী অদ্ভুত!’
শুরুর সময়ের কথা স্মরণ করে পলাশ জানান, প্রথমদিকে এটি ছিল সাধারণ একটি নাটকের গল্প। কিন্তু সময়ের সঙ্গে সেই গল্পই দর্শকের ভালোবাসায় বড় পরিসর পেয়েছে। পেরিয়ে গেছে দিন, মাস ও বছর। বদলে গেছে চারপাশের পরিবেশ, এসেছে নানা পরিবর্তন। একই সঙ্গে অভিনয়ের এই দীর্ঘ যাত্রায় নিজের জীবনেও এসেছে অনেক পরিবর্তন।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে কাটানো সময় নিয়ে অভিনেতার উপলব্ধি, একটি কাল্পনিক গল্প কীভাবে মানুষের বাস্তব জীবনের আবেগের অংশ হয়ে উঠতে পারে, তার অন্যতম উদাহরণ এই ধারাবাহিক। অসংখ্য ভোরের শুটিং, নির্ঘুম রাত, মান-অভিমান, হাসি-আনন্দ এবং সহকর্মীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মিলেই তৈরি হয়েছে একগুচ্ছ স্মৃতি।
স্মৃতির গভীরতা বোঝাতে পলাশ লেখেন, ‘এত স্মৃতি কোথায় রাখি? কোন বাক্যে ধরি এতগুলো বছর? কোন শব্দ দিয়ে বোঝাই, এই পথটুকু আমার কাছে কতখানি?’
বিদায়ের মুহূর্তে আবেগঘন হয়ে তিনি আরও লেখেন, ‘মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়। অথচ কোথাও একটা গাছতলা থেকে যায়। একটা রাস্তা থেকে যায়। কিছু মানুষের হাসির শব্দ বাতাসে মিশে থাকে।’
পোস্টের শেষাংশে শুরুর দিনের নিজের স্মৃতিচারণা করে পলাশ বলেন, ‘গল্পটা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেই ছেলেটা এখনও ওখানেই দাঁড়িয়ে আছে।’
উল্লেখ্য, নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। শুরু থেকেই দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ধারাবাহিকটি। কাবিলা, শুভ, হাবু, পাশা, রোকেয়া ও অন্তরাসহ বিভিন্ন চরিত্র দর্শকের মনে জায়গা করে নেয়। বিশেষ করে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলা কাবিলা চরিত্রের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান জিয়াউল হক পলাশ। দীর্ঘ নয় বছরে ধারাবাহিকটি হয়ে উঠেছিল অসংখ্য দর্শকের নিয়মিত বিনোদনের অংশ।