ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জেবা জান্নাত ও সিয়ামের দীর্ঘ বন্ধুত্ব রূপ নিল ভালোবাসায়

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৯, ১৬ নভেম্বর ২০২৬
জেবা জান্নাত ও সিয়ামের দীর্ঘ বন্ধুত্ব রূপ নিল ভালোবাসায়
ছবি: সংগৃহীত
সরাসরি বিয়ের দিকে এগোতে চান দীর্ঘ ছয় বছরের বন্ধুত্বের পর প্রকাশ্যে প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত ও অভিনেতা-মডেল সিয়াম মৃধা। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে হাতে হাত রেখে উপস্থিত হওয়ার পর গণমাধ্যমের সামনে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন এই তারকা জুটি।

বিনোদন অঙ্গনের আলোচিত এই দুই মুখকে ঘিরে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের গুঞ্জন চলছিল। গত ১৩ নভেম্বর ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে সব জল্পনার অবসান ঘটান তারা। রেড কার্পেটে একসঙ্গে উপস্থিত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের সম্পর্কের বিষয়টি অকপটে জানান জেবা ও সিয়াম।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জেবা জান্নাত জানান, সিয়ামের সঙ্গে তার প্রায় ছয় থেকে সাত বছরের বন্ধুত্ব রয়েছে। দীর্ঘ এই সময়ে একে অপরকে কাছ থেকে দেখার পর সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিয়েছে। তবে তাদের সম্পর্কের ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো প্রেমের প্রস্তাব বা প্রপোজের ঘটনা ঘটেনি। বরং পারস্পরিক বোঝাপড়া থেকেই তারা সম্পর্কে জড়িয়েছেন বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

সিয়ামের প্রশংসা করে জেবা জানান, সিয়াম অত্যন্ত শান্ত ও ঠান্ডা মেজাজের মানুষ। জেবা রাগ করলেও সিয়াম কখনো পাল্টা তর্কে জড়ান না। এ ছাড়া সিয়ামের সরলতা, বিশ্বস্ততা ও ভালো মানুষি তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সিয়ামকে তিনি অন্ধের মতো বিশ্বাস করেন এবং তার চাওয়াকে সম্মান জানিয়ে নিজের জীবনযাপনেও ইতিবাচক কিছু পরিবর্তন এনেছেন।

প্রেমের ঘোষণার পর ভক্তদের মাঝে তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। এ প্রসঙ্গে জেবা জান্নাত বলেন, আলাদা করে প্রপোজের আর প্রয়োজন নেই, তারা সরাসরি বিয়ের দিকেই এগোতে চান। নিজেদের বোঝাপড়ার ওপর ভরসা রেখে ভবিষ্যৎ দাম্পত্য জীবন স্থায়ী হওয়ার বিষয়েও আশাবাদ জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!