হামজা-ফারহানদের যে ভুলে ঘরের মাঠে স্বপ্নভঙ্গ
ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্টেডিয়ামের সবুজ গালিচায় তখন কেবলই দীর্ঘশ্বাস। হামজাদের ক্লান্ত চোখের কোণে বিষাদের চেয়েও বড় হয়ে উঠছিল এক হাহাকার। গ্যালারির এক প্রান্তে জ্বলে ওঠা আগুন আর ফ্লেয়ারের ধোঁয়া যেন বাংলাদেশ দলের সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ।
আবদুল সামাদের একমাত্র গোলেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে আরও একবার খালি হাতে ফিরতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
২০০৩ সালের পর দীর্ঘ ২৩ বছর সাফ শিরোপার দেখা নেই। ২০০৫ সালের পর আর ফাইনালের মঞ্চেও নামা হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচানোর মিশনেই নেমেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলের এই হারে সেমিফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল।
এই করুণ বিদায়ের নেপথ্যে লুকিয়ে ছিল বেশ কিছু বড় কারণ
পজিশনাল বিপর্যয় ও ক্ষণিকের ভুল: ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করার পেছনের চিত্রটি ছিল আত্মঘাতী। গোলটি আবদুল সামাদের হলেও এর সূচনা হয়েছিল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি থ্রো-ইন থেকে। মাঝমাঠের ঠিক আগে তার বাড়ানো বলটি গিয়ে পড়ে পাকিস্তানি খেলোয়াড়দের জটলায়। তবে এজন্য একা শ্রাবণ নন, সমানভাবে দায়ী আউটফিল্ডের খেলোয়াড়দের পজিশনাল ভুলও। ডান পাশে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে ওভারলোড তৈরি করায় মাঝমাঠে বিশাল ফাঁকা জায়গা তৈরি হয়, যার পূর্ণ সুযোগ নেয় পাকিস্তান।
ক্লান্তি ও বিশ্রামের ঘাটতি: ১১ নভেম্বর নিজেদের শেষ ম্যাচ খেলে সেমিতে নামা বাংলাদেশ দলজুড়ে ছিল ক্লান্তি ও অবসাদের ছাপ। টানা ম্যাচ খেলার ধকল সইতে না পেরে আগের ম্যাচের তারকারাও ছিলেন ছন্নছাড়া। শমিত সোম ছিলেন নির্জীব, এমনকি হামজা চৌধুরীও বেশ কিছু ভুল পাস বাড়িয়েছন। পক্ষান্তরে, ৮ নভেম্বর শেষ ম্যাচ খেলে ৫ দিন বিশ্রামের সুযোগ পাওয়া পাকিস্তান ছিল অনেক বেশি তরতাজা ও ফিট।
কোচের রণকৌশলে ভুল: ম্যাচে সেরা একাদশ নামালেও পাকিস্তানের পাঁচ ডিফেন্ডার ও তিন মিডফিল্ডারের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় বাংলাদেশ। প্রথমার্ধেই এই কৌশলী পরিবর্তন আনার প্রয়োজন ছিল। কিন্তু কোচ থমাস ডুলি বদলি নামাতে নিলেন ৬০ মিনিট পর্যন্ত।