ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ইয়ামাল স্পেন-ইংল্যান্ড মহারণে আইকনিক জার্সি গায়ে জড়াচ্ছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২৭, ১৬ নভেম্বর ২০২৬
ইয়ামাল স্পেন-ইংল্যান্ড মহারণে আইকনিক জার্সি গায়ে জড়াচ্ছেন
ছবি: সংগৃহীত

স্পেন উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে রোববার রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। গ্রুপ পর্বের এই লড়াইয়ের আগে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি সবার আকর্ষণের কেন্দ্রে রয়েছে বার্সেলোনা সেনসেশন লামিনে ইয়ামালের জার্সি নম্বর।

স্প্যানিশ দৈনিক মার্কা-এর প্রতিবেদন অনুযায়ী, লাস রোজাসের ক্যাম্পে ২৮ জনের বহর থেকে শেষ পর্যন্ত চারজনকে বাদ দিতে হয়েছে কোচকে। ভাইরাল ইনফেকশনের কারণে আগেই ছিটকে গেছেন আলেহান্দ্রো গ্রিমালদো। এছাড়া আলভারো কারেরাস, জাকোবো রামোন, দে ফ্রুতোস এবং রবার্তো ফের্নান্দেসকে ম্যাচটি দেখতে হবে রিয়াদ এয়ার মেত্রোপলিতানো স্টেডিয়ামের গ্যালারি থেকে।

তবে এসব ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন লামিন ইয়ামাল। ইনজুরিতে পড়া দানি ওলমোর শূন্য থাকা আইকনিক ‘১০ নম্বর’ জার্সিটি কার গায়ে উঠবে, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত স্পেনের জার্সিতে সেই ১০ নম্বর জার্সিটিই বেছে নিয়েছেন ১৭ বছর বয়সী ইয়ামাল, যা ফুটবল ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক এক সংখ্যা। পেলে, ম্যারাডোনা, মেসি, জিদান ও মদ্রিচদের মতো কিংবদন্তিরা এই নম্বরের গৌরব বাড়িয়েছেন বহুগুণ।

স্পেনের জার্সিতে এই ১০ নম্বর জার্সির একটি সোনালী ইতিহাস রয়েছে। ২০০৮ থেকে ২০১২ সালের সোনালী যুগে এই জার্সি পরে মধ্যমাঠ নিয়ন্ত্রণ করতেন সেস ফ্যাব্রিগাস। এরপর থিয়াগো আলকান্তারা, মার্কো আসেনসিও, পেদ্রি ও দানি ওলমোর মতো তারকারাও এই জার্সি গায়ে চাপিয়েছেন।

এর আগেও ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন ইয়ামাল।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!