ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

স্মৃতিতে শচীন: ৪৯ বছর আগলে রেখেছেন শৈশবের ব্যাট

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৫, ১৬ নভেম্বর ২০২৬
স্মৃতিতে শচীন: ৪৯ বছর আগলে রেখেছেন শৈশবের ব্যাট
কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ।। ছবি: সংগৃহীত

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ৩৭ বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে শৈশবের প্রথম ক্রিকেট ব্যাট হাতে ছবি প্রকাশ করেছেন তিনি। ৪৯ বছর ধরে নিজের কাছে আগলে রাখা সেই ব্যাট নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন ক্রিকেটের এ কিংবদন্তি।

রোববার সেই ব্যাট হাতে শৈশবের ও বর্তমান সময়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই ক্রিকেট তারকা। একটি ছবিতে ছোট্ট শচীনের হাতে দেখা যায় তার প্রথম ক্রিকেট ব্যাট। অন্য ছবিতে একই ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছেন বর্তমান সময়ের শচীন। দুটি ছবির মাধ্যমে নিজের ক্রিকেটযাত্রার শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেছেন তিনি।

ছবিগুলোতে দেখা যায়, দীর্ঘ ৪৯ বছর পেরিয়ে গেলেও ব্যাটটি এখনো শচীনের কাছে রয়েছে। শৈশবের সেই ছোট্ট ব্যাটের সঙ্গে তার দীর্ঘদিনের আবেগের সম্পর্কও উঠে এসেছে ছবিতে।

ছবির সঙ্গে হিন্দিতে তিনি লেখেন, ‘পেহলে ব্যাট কি বাত হ্যায়, ৪৯ সাল বাদ ভি মেরে সাথ হ্যায়!’ অর্থাৎ, প্রথম ব্যাটের কথা, ৪৯ বছর পরও আমার সঙ্গে আছে!

শচীনের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। একজন মন্তব্য করেছেন, ‘ছোট্ট ছেলে থেকে ক্রিকেটের ঈশ্বর।’

আরেকজন লিখেছেন, ‘প্রায় পাঁচ দশক ধরে এই ব্যাটটি সংরক্ষণ করে রাখা ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা ও নিবেদনকেই তুলে ধরে।’

তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘ঈশ্বর হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।’

শচীনের এই পোস্ট আবারও মনে করিয়ে দিয়েছে, জীবনের দীর্ঘপথ পেরিয়ে গেলেও শৈশবের স্মৃতি ও প্রিয় কিছু জিনিস মানুষের কাছে কতটা মূল্যবান হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের করাচিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর ২০৫ দিন। দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ৩৭ বছর পেরিয়ে গেলেও ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট।

শচীনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার পরিসংখ্যানেও অনন্য। ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান করেছেন তিনি। রয়েছে ৫১টি সেঞ্চুরি ও ৬৮টি অর্ধশতক। টেস্টে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার লেগেছিল মাত্র ৩০০ ইনিংস।

অন্যদিকে, ৪৬৩ ওয়ানডেতে শচীনের সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান। এ ফরম্যাটে ৪৯টি সেঞ্চুরি ও ৯৬টি অর্ধশতক রয়েছে তার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ১০০টি সেঞ্চুরির মালিকও তিনি। সব মিলিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৩৪ হাজার ৩৫৭, যা এখনো সর্বোচ্চ।

বিশ্বকাপেও রয়েছে শচীনের অসাধারণ কীর্তি। ৪৫ ম্যাচে ২ হাজার ২৭৮ রান করেছেন তিনি। রয়েছে ছয়টি সেঞ্চুরি ও ১৫টি অর্ধশতক। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই কিংবদন্তি। এর আগে ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!