অমিতাভের বিরুদ্ধে ছোট ভাইয়ের বাড়ি দখলের অভিযোগ
ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বিলাসবহুল বাড়ি ‘জলসা’ ঘিরে নতুন করে সম্পত্তির বিরোধ দেখা দিয়েছে। প্রায় ১০০ কোটি রুপি মূল্যমানের এই বাংলোর মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন।
১৯৯৩ সালের একটি দানপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি অভিযোগ করেছেন, তার অজান্তে ও সম্মতি ছাড়াই বাড়িটির মালিকানা অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত ‘জলসা’ শুধু অমিতাভের বাসভবন নয়, ভক্তদের কাছেও পরিচিত একটি ঠিকানা। প্রতি রোববার বাড়িটির বাইরে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন এই অভিনেতা। কয়েক দশক ধরে বচ্চন পরিবারের আবাসস্থল হিসেবে পরিচিত বাড়িটি এবার মালিকানা বিরোধের কারণে আলোচনায় এসেছে।
যেভাবে অমিতাভের হাতে আসে ‘জলসা’: ‘জলসা’ নামেই পরিচিতি পেলেও শুরুতে বাড়িটির নাম ছিল ‘মানসা’। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘সত্তে পে সত্তা’ সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক হিসেবে বাড়িটি অমিতাভকে দেওয়া হয়েছিল। প্রযোজক রোমু সিপ্পির স্মৃতিচারণ অনুযায়ী, সিনেমাটির পারিশ্রমিকের অংশ হিসেবে জুহুতে প্রায় ১০ হাজার বর্গফুটের বাংলোটি অমিতাভকে উপহার দিয়েছিলেন প্রযোজক এনসি সিপ্পি। সিনেমাটি পরিচালনা করেছিলেন এনসি সিপ্পির ছোট ছেলে রাজ সিপ্পি।
বিক্রি করে আবার কিনেছিলেন বাড়িটি: একসময় ‘মানসা’ নামের ওই বাংলোটি বিক্রি করে দেন অমিতাভ। ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকার ও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে স্ত্রী জয়া বচ্চনের অনুরোধে বাড়িটি আবার কেনার সিদ্ধান্ত নেন অমিতাভ। তবে সেবার আগের তুলনায় অনেক বেশি বাজারমূল্যে বাংলোটি কিনতে হয়েছিল তাকে। পরে বাড়িটির নাম বদলে রাখা হয় ‘জলসা’ এবং নতুন করে নির্মাণ করা হয়।
কেমন দেখতে ‘জলসা’: টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে ইন্ডিয়া টিভি নিউজের বরাত দিয়ে বাড়িটির আনুমানিক মূল্য ১০০ কোটি রুপি বলা হয়েছে। তবে এই মূল্যমান স্বাধীনভাবে যাচাই করা হয়নি। বাড়িটিতে বড় কাচের জানালা, দৃষ্টিনন্দন ঝাড়বাতি, বিভিন্ন শিল্পকর্ম ও বিলাসবহুল কার্পেট রয়েছে। এ ছাড়া ব্যক্তিগত পড়ার ঘর, জিমনেসিয়াম, রেকর্ডিং স্টুডিও এবং নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো সবুজ বাগান রয়েছে বলে জানা গেছে।
বাড়িটি নিয়ে অমিতাভের আবেগঘন বার্তা: কয়েক মাস আগে প্রতি রোববার বাড়ির সামনে জড়ো হওয়া ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের ব্লগে লিখেছিলেন অমিতাভ। তিনি উল্লেখ করেন, ব্যস্ত জীবনের মধ্যেও যারা তার জন্য সময় বের করেন, তাদের ভালোবাসা তার কাছে ঐশ্বরিক উপস্থিতির মতো। ‘জলসা’ প্রসঙ্গে অমিতাভ লেখেন, তিন দশকেরও বেশি সময় ধরে এই বাড়ি তার পরিবারের মাথার ওপর ছাদ হয়ে আছে। সন্তানদের জন্মদিন ও বিয়ের স্মৃতি জড়িয়ে থাকা এই বাড়িতেই তার সন্তানেরা বড় হয়েছেন, বেড়ে উঠছে পরবর্তী প্রজন্মও।