ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

বাঁশির সুরে আজও বেঁচে আছেন বারী সিদ্দিকী

বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী
ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ২৪ নভেম্বর ২০২৬
বাঁশির সুরে আজও বেঁচে আছেন বারী সিদ্দিকী
ফাইল ছবি

কিছু কণ্ঠ সময়ের গণ্ডি পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। কিছু সুর মিশে থাকে মানুষের আবেগ, স্মৃতি আর ভালোবাসায়। বাংলা সংগীতের এমনই এক অনন্য শিল্পী বারী সিদ্দিকী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান আর বাঁশির মায়াবী সুরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই কিংবদন্তি সংগীতশিল্পীর নবম মৃত্যুবার্ষিকী।

‘মানুষ ধরো মানুষ ভজ’, ‘আমার মন্দ স্বভাব’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ও ‘শুয়া চান পাখি’র মতো অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন বারী সিদ্দিকী। নিজস্ব গায়কী ও বাঁশির সুরে বাংলা সংগীতে তৈরি করেছিলেন স্বতন্ত্র পরিচয়। তার গানে আজও খুঁজে পাওয়া যায় হাওরাঞ্চলের প্রকৃতি, মানুষের জীবন ও আবেগের ছোঁয়া।

শৈশব থেকেই সংগীতের প্রতি ভালোবাসা

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। তার বাবা মহরম আলী এবং মা প্রয়াত জহুর-উন-নিসা। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। পরে জেলা সদরের কারলিতে গড়ে তোলেন ‘বাউল বাড়ি’।

শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর আগ্রহ ছিল তার। তিন-চার বছর বয়সে মায়ের কণ্ঠে ‘শাশুড়িরেও কইয়ো গিয়া’ গানটি শুনে সংগীতের প্রতি ভালোবাসা তৈরি হয়। পরিবারে প্রাতিষ্ঠানিক সংগীতচর্চার পরিবেশ না থাকলেও সৌখিনভাবে গানবাজনার চর্চা ছিল।

পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে ফুঁ দিতে গিয়ে এই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ জন্মায় তার। বড় ভাইদের অনুকরণে বাঁশি বাজানোর চেষ্টা করতেন। সংগীতচর্চায় সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন মায়ের কাছ থেকে। সাত-আট বছর বয়সে মায়ের কাছেই গান শেখা শুরু করেন তিনি।

মায়ের কাছ থেকে শেখা একটি গানের সুর পরবর্তী সময়ে বিশেষভাবে ব্যবহৃত হয় হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে। শ্যাম বিচ্ছেদের সেই গানের কথাগুলো ছিল—‘আস্ট আঙ্গুল বাঁশের বাঁশি/ মধ্যে মধ্যে ছ্যাদা/ নাম ধরিয়া ডাকে বাঁশি/ কলংকিনী রাধা’।

হাইস্কুলে পড়ার সময় জেলা শিল্পকলা একাডেমিতে সংগীতের তালিম নেওয়া শুরু করেন বারী সিদ্দিকী। তার ওস্তাদ ছিলেন শ্রী গোপাল দত্ত। বড় দুই ভাইয়ের পাশাপাশি রফিক মাহমুদ, বিপুল চৌধুরী, দুলাল দত্তনবীশ ও হযরত আলীর কাছ থেকেও সংগীতচর্চায় সহযোগিতা পান তিনি। তখন থেকেই শিল্পী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন।

বাঁশির সুরে দেশ-বিদেশে পরিচিতি

১৯৮০ সালের দিকে ঢাকায় শুদ্ধ সংগীত প্রসারের একটি অনুষ্ঠানে ওস্তাদ আমিনুর রহমানের সঙ্গে পরিচয় হয় বারী সিদ্দিকীর। পেশায় পাইলট আমিনুর রহমান ছিলেন উপমহাদেশের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ পান্না লাল ঘোষের শিষ্য। তার বাড়িতে থেকে দীর্ঘদিন বাঁশির তালিম নেন বারী। এ সময় ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মুৎসুদ্দী ও ওস্তাদ আয়েফ আলী খান মিনকারীর সান্নিধ্যও পান তিনি।

বাঁশি শেখার জন্য ভারতের পুনেতে গিয়েছিলেন বারী সিদ্দিকী। সেখানে পণ্ডিত বিজি কারনাডের কাছে তালিম নেন। পরে শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ সম্মিলিত যন্ত্রসংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। এরপর সরকারি সহযোগিতায় দক্ষিণ এশীয় সার্ক ফেস্টিভ্যালে বাঁশি বাজানোর সুযোগ পান।

ধীরে ধীরে বংশীবাদক হিসেবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। উচ্চাঙ্গ সংগীতের বিভিন্ন আয়োজনে বাঁশি বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন তিনি। ১৯৯৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে উপমহাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন। বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্য এটি ছিল উল্লেখযোগ্য অর্জন।

১৯৮০ সালে পেশাগতভাবে বাঁশি বাজানো শুরু করেন বারী। ১৯৮৬ সালে বিটিভির ‘সৃজন’ অনুষ্ঠানে প্রথম বাঁশি বাজান। গায়ক হিসেবে জনপ্রিয় হওয়ার আগে প্রায় দুই দশক বংশীবাদক হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা বাড়লে দেশের বাইরে বংশীবাদক হিসেবে তার সফর কমে আসে। বিভিন্ন দেশে সংগীত পরিবেশন করেছেন কণ্ঠশিল্পী হিসেবেই।

হুমায়ূন আহমেদের হাত ধরে গায়ক হিসেবে উত্থান

কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয়ের পর বদলে যায় বারী সিদ্দিকীর সংগীতজীবনের গতিপথ। হুমায়ূন আহমেদের এক জন্মদিনের অনুষ্ঠানে তার বাসায় বাঁশি বাজাতে গিয়েছিলেন বারী। সেখানে বাঁশি বাজানোর পাশাপাশি গানও পরিবেশন করেন। তার গান শুনে মুগ্ধ হন হুমায়ূন আহমেদ। তাকে আরও গান গাইতে উৎসাহ দেন।

১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে প্রথম গান করেন বারী সিদ্দিকী। এর কিছুদিন পর হুমায়ূন আহমেদ তাকে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব দেন। ওই চলচ্চিত্রের গান দিয়েই কণ্ঠশিল্পী হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

চলচ্চিত্রের গানে সাফল্যের পর প্রকাশিত হয় তার দুটি একক অ্যালবাম—‘দুঃখ রইলো মনে’ ও ‘অপরাধী হইলেও আমি তোর’। অ্যালবাম দুটি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে উকিল মুন্সির লেখা গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত ছিলেন বারী।

এক সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছিলেন, ‘হুমায়ূন স্যার আমার গাওয়ার পেছনে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন। মূলত তার সাহস নিয়েই সামনে এগিয়ে যাওয়ার প্রয়াস পেয়েছি।’

গায়ক হিসেবে বিপুল জনপ্রিয়তা পেলেও নিজের পরিচয়ের ক্ষেত্রে বংশীবাদক পরিচয়কেই বেশি গুরুত্ব দিতেন বারী সিদ্দিকী। বাঁশির প্রতি তার ভালোবাসা ছিল আমৃত্যু।

অভিনয়েও দেখা গেছে তাকে

সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত হয়েছিলেন বারী সিদ্দিকী। ‘মাটির পিঞ্জিরা’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়া ফেরারি অমিতের নির্দেশনায় ‘পাগলা ঘোড়া’ নাটকেও দেখা গেছে তাকে। তবে অভিনয়কে কখনো পেশা হিসেবে নেননি। শখের বশে এবং অনুরোধে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন এই শিল্পী।

সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেলেও কিছু কণ্ঠ ও সুর মানুষের হৃদয়ে থেকে যায়। বারী সিদ্দিকী তেমনই একজন শিল্পী। হাওরের মাটির ঘ্রাণমাখা গান আর বাঁশির মায়াবী সুরে তিনি যে ভালোবাসার জায়গা তৈরি করে গেছেন, তা আজও অমলিন। শারীরিকভাবে না থাকলেও তার গান ও সুরের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার কাছে বেঁচে থাকবেন এই শিল্পী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!