ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অসম্ভব প্রস্তাব দিয়ে লাভ নেই: শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা এবং বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চাওয়ার প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, যেসব প্রস্তাবে সম্মত হওয়া সম্ভব নয়, সেসব প্রস্তাব দিয়ে কোনো লাভ নেই।
মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি দেশের সাবেক রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে চলে যাওয়ার পর আবার দেশে ফিরে আসার বিষয়টি কতটা বাস্তবসম্মত, তা বিবেচনা করা প্রয়োজন। দেশের ইতিহাসে পালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের এভাবে ফিরে আসার নজির আছে কি না, সেটিও ভাবতে হবে। দেশে ইতোমধ্যে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আহম্মেদ সোহেল মনজুর বলেন, একটি ছোট এলাকাকে কেন্দ্র করে কিছু অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। প্রতিষ্ঠিত গণমাধ্যমের পাশাপাশি অনলাইন মাধ্যমেও ছড়ানো এসব তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংবাদ যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গোপালগঞ্জের কিছু ঘটনা নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। সরকার অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও থানা দখলের মতো ঘটনা ঘটলেও সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সব কৌশল বা পরিকল্পনা আগাম প্রকাশ করা সম্ভব নয়। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। তারা জানেন কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হবে।
তিনি বলেন, ‘আমরা অন্যায়ভাবে কোনো পদক্ষেপ নিতে চাই না। বিএনপি অতীতেও অন্যায় করেনি, ভবিষ্যতেও করবে না। তবে আমাদের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করবেন না।’
ভোলার গ্যাস অনুসন্ধান ও সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে একের পর এক গ্যাসকূপের সন্ধান পাওয়া যাচ্ছে, যা দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তবে গ্যাস আবিষ্কারের পরপরই তা বাণিজ্যিকভাবে ব্যবহার করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন, গ্যাসের পরিমাণ নিরূপণ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও বাপেক্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কাজ করছে। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন হলে সময়মতো গ্যাস বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোলার উন্নয়ন প্রসঙ্গে আহম্মেদ সোহেল মনজুর বলেন, ভোলার সেতু, রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। সংসদে ভোলার জনপ্রতিনিধিরা বিভিন্ন অধিবেশনে এসব বিষয় তুলে ধরেছেন। সরকারও ভোলার উন্নয়নে পাশে রয়েছে।
ভোলার সঙ্গে অন্য জেলাগুলোকে সড়কপথে যুক্ত করতে সেতু নির্মাণের বিষয়ে সেতু মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এত বড় প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই, নদীশাসনসংক্রান্ত তদন্ত ও বিভিন্ন বিভাগের সমন্বয় প্রয়োজন। এ কারণে কিছুটা সময় লাগবে। তবে প্রকল্পটি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের আমলেই এ প্রকল্পের কাজ শুরু হবে। বিষয়টি কোথাও আটকে নেই। তাই ভোলাবাসীর হতাশ হওয়ার কোনো কারণ নেই। এ বিষয়ে সেতুমন্ত্রী আরও বিস্তারিত জানাতে পারবেন।