ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী মধুমতী সেতুর পশ্চিম পাশে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নিতে দুপুরের পর থেকে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মধুমতী সেতুর পশ্চিম পাশে জড়ো হন। পরে নেতাদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রসুল সিকদার।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ জাপল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদূর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম এবং লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইজাজুল হাসান বাবু ও টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেমায়েত হোসেন, সহসভাপতি নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে এবং সতর্ক অবস্থান বজায় রাখতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মধুমতী সেতুর পশ্চিম পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।