ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, প্রস্তুত বিজিবি
আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিদেশে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। এ কারণে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে বিজিবির সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বরকে ঘিরে নানা আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। এদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।
আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশে ফিরে আসা নিয়ে এক ধরনের ধারণা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তার মতে, এ পরিস্থিতিতে কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাই কোনো অভিযুক্ত আসামি যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবি সতর্ক থাকতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে শেখ হাসিনার সঙ্গে সরকারের আলোচনার সুযোগ নেই। বিষয়টি ভারতের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এই আলোচনা আমাদের সঙ্গে ভারতের।’
তথ্য উপদেষ্টা জানান, সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায়। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো উড়োজাহাজে ফিরবেন, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।