ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঠিকানা ভুলে যাওয়া বৃদ্ধাকে পরিবারের কাছে পৌঁছে দিল পুলিশ
দুই ছেলের নাম মনে আছে। একজন রাব্বি, অন্যজন রনি। নিজের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়, সেটিও জানেন। কিন্তু কোন গ্রামে বাড়ি, তা মনে করতে পারছিলেন না বৃদ্ধা রহিমা বেগম। স্বামী মারা গেছেন। সোমবার রাত ৮টার দিকে ঝিনাইগাতী বাজারে অসহায় অবস্থায় তাঁকে দেখতে পায় পুলিশ। পরে তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ নেন ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী।
রহিমা বেগমের পরিচয় শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ও পরিচয় প্রকাশ করে স্বজনদের খোঁজ শুরু করেন এসআই কানাই লাল চক্রবর্তী। এ কাজে বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একপর্যায়ে তাঁর পরিবারের সন্ধান পাওয়া যায়।
রহিমা বেগম ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম (গারোকোনা) এলাকার মৃত ফজল হকের স্ত্রী। পরিচয় নিশ্চিত হওয়ার পর এসআই কানাই লাল চক্রবর্তী নিজেই তাঁকে বাড়িতে নিয়ে যান এবং সন্তানদের কাছে বুঝিয়ে দেন।
কানাই লাল চক্রবর্তী বলেন, ‘বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন না। বিভিন্ন ব্যক্তি ও সংবাদকর্মী তাঁর পরিচয় শনাক্ত করতে সহযোগিতা করেছেন। সবার সহযোগিতায় তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ জন্য ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
রহিমা বেগমের ছেলে রনি বলেন, ‘মাকে হারিয়ে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। তাঁকে খুঁজে পাওয়ার পর যারা আমাদের খবর দিয়েছেন এবং বাড়িতে ফিরিয়ে দিতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। বিশেষ করে কানাই লাল চক্রবর্তীর প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। তাঁর মানবিক উদ্যোগেই আমরা মাকে ফিরে পেয়েছি।’
স্থানীয় স্বেচ্ছাসেবী আতিকুর রহমান খান বলেন, একজন অসহায় বৃদ্ধা নিজের বাড়ির ঠিকানা মনে করতে পারছিলেন না। তাঁর ঠিকানা খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে মহৎ কাজ। এ ঘটনার মধ্য দিয়ে পুলিশের মানবিক দিকটি সামনে এসেছে।
মাকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে রহিমা বেগমের সন্তানদের মধ্যে। তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বজনেরা।