ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর কর্মসূচি

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১৪ নভেম্বর ২০২৬
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর কর্মসূচি
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ভোলায় গণস্বাক্ষর কর্মসূচি। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ছয় দফা দাবি আদায়ে নতুন করে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। দাবিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।

শনিবার সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।

গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসের প্রথম অধিকার এ জেলার মানুষের। তাই ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভোলার গ্যাস দিয়ে স্থানীয়ভাবে শিল্পকারখানা গড়ে তুলতে হবে। একই সঙ্গে ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এসব সুবিধা ভোলার মানুষের চাহিদা পূরণের পর বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া যেতে পারে।

বক্তারা আরও বলেন,ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়, এটি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির সদস্য সচিব মীর মোশারেফ অমি জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে গ্যাস চুক্তি বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি ।

তিনি বলেন, এসব দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই নতুন করে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগৃহীত স্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে ভোলার মানুষের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হবে।

দ্বীপজেলা ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ। বর্তমানে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় প্রতিনিয়ত নানা ভোগান্তিতে পড়তে হয় এ জেলার বাসিন্দাদের। বিশেষ করে জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নৌপথের ওপর নির্ভর করতে হয়।

আমরা ভোলাবাসী সংগঠনের অন্যতম সংগঠক এনামুল হক জানান, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বদলে যাবে দ্বীপজেলার মানুষের জীবনমান। সহজ হবে চিকিৎসাসেবা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য। পাশাপাশি শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে ভোলাসহ দক্ষিণাঞ্চল।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও ভোলার মানুষ সরাসরি সড়ক যোগাযোগ, উন্নত চিকিৎসা ও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। এসব সুযোগ-সুবিধার অভাবে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। বিশেষ করে উন্নত চিকিৎসার অভাবে অনেক রোগীকে সময়মতো বরিশাল ও ঢাকায় নেওয়া সম্ভব হয় না। এতে অনেক ক্ষেত্রে প্রাণহানির ঘটনাও ঘটছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!