ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুয়াকাটায় সরকারি বাগানের ১০ গাছ কেটে জমি দখলের চেষ্টা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২১, ১৪ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় সরকারি বাগানের ১০ গাছ কেটে জমি দখলের চেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র রক্ষা বেড়িবাঁধসংলগ্ন সরকারি বনায়নের গাছ কেটে বালু ভরাট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে কুয়াকাটা চৌরাস্তার পশ্চিম পাশে প্রেসিডেন্ট পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে মাটির নিচে কাটা গাছের গোড়া দেখতে পান। পরে গাছের গোড়া পরীক্ষা করে আকাশমণি ও বাবলা প্রজাতির ৮ থেকে ১০টি গাছ কাটার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ।

খাজুরা ফরেস্ট ক্যাম্পের কর্মকর্তা মো. আমির হামজা জানান, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন পর্যন্ত সমুদ্র রক্ষা বেড়িবাঁধ টেকসই রাখতে সরকারি উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের বাগান করা হয়েছে। ওই বাগানের প্রায় ১০টি আকাশমণি ও বাবলা গাছের গোড়া পড়ে থাকতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কসংলগ্ন পেছনের দিকে ব্যক্তিগত রাস্তা নির্মাণের উদ্দেশ্যে গাছগুলো কেটে সেখানে বালু ভরাট করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বালু ফেলার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করা হচ্ছে না।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গভীর রাতে একদল লোক গাছ কেটে ট্রাকযোগে বালু এনে সেখানে ফেলে রাস্তা নির্মাণের চেষ্টা করেছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তারা প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি।

স্থানীয়দের অভিযোগ, সমুদ্র রক্ষা বেড়িবাঁধের পাশে সরকারি বাগানের গাছ কেটে বালু ভরাটের মাধ্যমে জমি দখলের চেষ্টা পরিবেশ ও উপকূলীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কলাপাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!