তজুমদ্দিনে উৎসবমুখর পরিবেশে কাব হলিডে অনুষ্ঠিত
ভোলার তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে কাব হলিডে-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ স্কাউটস তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে মহিলা কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাব হলিডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা স্কাউটসের সভাপতি মো. বনি আমিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনোহরদী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) নিজাম উদ্দিন খাঁন, বাংলাদেশ স্কাউটস ভোলা জেলার সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু, তজুমদ্দিন উপজেলা কাব সম্পাদক আবুল কালাম নিরব, কাব কমিশনার অরুন্তুদ কান্তি শীল, কাব লিডার মো. মহিউদ্দিন, কোর্স লিডার সালমা খাতুন ও যুগ্ম সম্পাদক মো. জোসেব মিয়া। এ ছাড়া উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব ইউনিট সভাপতি ও ইউনিট লিডাররা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে কাব সদস্যরা বিভিন্ন খেলাধুলা ও আনন্দমূলক কার্যক্রমে অংশ নেয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ তাবু জলসা। এতে কাব সদস্যরা গান ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে কাব হলিডের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছয়জন করে মোট ১৮০ জন কাব সদস্য এবং ৩০ জন ইউনিট লিডার এ আয়োজনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাব হলিডে শিশু কাব সদস্যদের জন্য আনন্দ ও শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা একটি মিলনমেলা। এর মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের কাব সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচয়, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। পাশাপাশি খেলাধুলা, বিনোদন ও স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়ে শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।