তজুমদ্দিনে পরিচ্ছন্ন বাজার গড়তে এক কাতারে প্রশাসন, বিএনপি ও ব্যবসায়ীরা
ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও ক্রেতাবান্ধব করে গড়ে তুলতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে ইউএনওর সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বাজার সমিতির নেতারা ও স্থানীয় ব্যবসায়ীরা।
শনিবার সকালে শশীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন।
অভিযানে অংশ নেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার সমিতির সভাপতি ও সম্পাদক এবং ব্যবসায়ী নেতারা।
অভিযান চলাকালে বাজারের প্রধান সড়ক, অলিগলি, ড্রেন, মাছবাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি দোকানের সামনের অংশ পরিচ্ছন্ন রাখা এবং যেখানে-সেখানে ময়লা না ফেলার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়।
ইউএনও মো. বনি আমিন বলেন, শশীগঞ্জ বাজার তজুমদ্দিন উপজেলার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কাজ করলে শশীগঞ্জ বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান।