ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ ভ্রমণ ]

ওমরার স্বপ্নপূরণের পথে রিয়াদে গিয়ে আর ফেরা হলো না নাসরুল্লাহ বদরের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ১১ অক্টোবর ২০২৬
ওমরার স্বপ্নপূরণের পথে রিয়াদে গিয়ে আর ফেরা হলো না নাসরুল্লাহ বদরের
ওমরার স্বপ্ন নিয়ে সৌদি আরবের পথে যাত্রা করেছিলেন মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। তার শেষ পোস্টে ফুটে উঠেছিল আনন্দ, কৃতজ্ঞতা ও পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর পথে নিজের আনন্দ ও অনুভূতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন বাংলাদেশি ওমরাযাত্রী মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সফর। কিন্তু তার সেই স্বপ্নপূরণের যাত্রা ঘিরে এখন শোকের আবহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে হামলায় তিনি নিহত হয়েছেন। 

বাংলাদেশ খেলাফত মসলিসের আমির আল্লামা মামুনুল হক মাওলানা মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদরের মৃত্যুর খবরটি তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।

নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নাসরুল্লাহ বদরের টাইমলাইনে রয়ে গেছে তার শেষ যাত্রার স্মৃতিমাখা একটি পোস্ট। সেখানে আকাশপথে ভ্রমণের অনুভূতি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং ওমরা পালনের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছিলেন তিনি।

স্বপ্নের পথে যাত্রা

নিজের পোস্টে নাসরুল্লাহ বদর লিখেছিলেন, 'একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আকাশের অসীম নীলিমায় উড়ে চলেছি স্বপ্নের গন্তব্যের পানে। জীবনের সেরা সফরের এই মুহূর্তগুলো সত্যিই অন্য রকম, যা ভাষায় প্রকাশ করার মতো নয়!'

রিয়াদ এয়ারলাইনসের উড়োজাহাজে বসে জানালার ওপাশের বিস্তীর্ণ আকাশ আর হৃদয়ে পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা নিয়ে সময় কাটছিল তার। প্রতিটি মুহূর্তকে স্মৃতিতে ধরে রাখার আনন্দও প্রকাশ করেছিলেন তিনি।

পোস্টে আরও লিখেছিলেন, 'আলহামদুলিল্লাহ! আর মাত্র এক ঘণ্টার অপেক্ষা। এরপরেই পৌঁছে যাবো সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর শুরু হবে হৃদয়ের আরও কাছের সেই স্বপ্নময় গন্তব্যের পথে এগিয়ে চলা।'

১০ অক্টোবর (শনিবার) ওই পোস্টে উড়োজাহাজটির উচ্চতা ৩১ হাজার ৮৪৬ ফুট বলেও উল্লেখ করেছিলেন তিনি।

দোয়া ও শেষ স্মৃতি

পোস্টের শেষে নিজের সফর ও ওমরা কবুলের জন্য দোয়া করেছিলেন নাসরুল্লাহ বদর। আরবি ভাষায় তিনি লেখেন, 'اللَّهُمَّ يَسِّرْ لَنَا سَفَرَنَا وَتَقَبَّلْ عُمْرَتَنَا'। এর অর্থ, 'হে আল্লাহ, আমাদের সফর সহজ করে দিন এবং আমাদের ওমরা কবুল করুন।'

তার পোস্টে থাকা এই প্রার্থনা এখন স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বেদনাবিধুর স্মৃতি হয়ে উঠেছে।

লালবাগ জামিয়ার ফারেগ, জামিয়া রবিউল উলুম কামরাঙ্গীরচর মাদরাসার নাজেমে তা'লিমাত মাওলানা মুফতি নাসরুল্লাহ বদর শনিবার পবিত্র উমরা সফরে হুতিদের হামলায় শাহাদাতবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!