ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

আবারও কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৫, ৬ অক্টোবর ২০২৬
আবারও কমল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। মঙ্গলবারও নতুন নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হবে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ১৯ হাজার ৬৪০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এর আগে ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ১৮ হাজার ৭৬০ টাকা। এক ভরি হিসেবে এর দাম প্রায় ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। এর আগে এ মানের স্বর্ণের ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ফলে দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ১১০ টাকা। এক ভরি হিসেবে এর দাম প্রায় ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আগের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা হওয়ায় এ মানের স্বর্ণের ভরিতে কমেছে ১ হাজার ৩৪১ টাকা।

সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম ১৩ হাজার ১৬০ টাকা। সে হিসাবে এক ভরির দাম প্রায় ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। গত ৩০ সেপ্টেম্বর এ মানের স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। ফলে এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ১০৮ টাকা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!