লালপুরে অনলাইন জুয়া ও হ্যাকিংয়ের অভিযোগে গ্রেফতার ২
নাটোরের লালপুরে অনলাইন জুয়া খেলা, বেটিং পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটে লালপুর উপজেলার মোহরকয়া পূর্বপাড়া এলাকার একটি নির্মাণাধীন পরিত্যক্ত হাঁসের খামারঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সবুজ হোসেন (২০), পিতা মৃত ইয়ার আলী এবং মো. আলিফ হোসেন (১৮), পিতা মৃত সাজেদুল ইসলাম। তারা দুজনই উপজেলার মোহরকয়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর আইডি হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কথা রয়েছে।