মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির
ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান মোল্লা (৭০) ও তার স্ত্রী শাহিদা বেগম (৬০)। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস থেকে নেমে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এই বৃদ্ধ দম্পতি।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান মোল্লা ও শাহিদা বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যুর ঘটনায় তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোলায়মান মোল্লা ও শাহিদা বেগম ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। পরে বাড়ির উদ্দেশে দুজন একসঙ্গে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দম্পতির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান ও ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।