মসজিদে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক
নাটোরের নলডাঙ্গায় ফজরের আজান দেওয়ার সময় চর বাঙালপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন মো. সৈয়দ ইসলামকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের চর বাঙালপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত সৈয়দ ইসলাম চর বাঙালপাড়া এলাকার মৃত শাহাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মসজিদে ফজরের আজান দিচ্ছিলেন সৈয়দ ইসলাম। আজানের মাঝপথে হঠাৎ তাঁর কণ্ঠস্বর থেমে যায়। এতে আশপাশের লোকজনের সন্দেহ হলে তাঁরা মসজিদে গিয়ে সৈয়দ ইসলামকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, ঘটনার বিষয়ে পুলিশ প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।