নাটোরে মাদক ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন
নাটোর সদর উপজেলার বড় হরিশপুরে মাদক ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) বড় হরিশপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দখলবাজি, ফিটিংবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। রাজনৈতিক পরিচয়ের ট্যাগ ব্যবহার করে কাউকে হয়রানি, অর্থ আদায় বা মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, বড় হরিশপুরের বাস টার্মিনালকেন্দ্রিক এলাকায় মাদকের বিস্তার নিয়ে অভিযোগ রয়েছে। এর আগে কানাইখালী ও মাদরাসা মোড়ের বাস টার্মিনাল এলাকাতেও মাদকের বিস্তার ছিল বলে দাবি করেন তিনি।
.png)
তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের মধ্যে মাদকসেবনের প্রবণতা থাকলে সেখানে মাদক বিক্রেতাদের আনাগোনাও বাড়ে। পাশাপাশি বিভিন্ন হোটেলে প্রভাব খাটিয়ে কক্ষ ভাড়া নিয়ে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
বক্তব্যে দেশের মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জেলা বিএনপির এই নেতা। সীমান্তপথে ভারত থেকে ফেনসিডিল, গাঁজা, হেরোইন, মরফিন, আফিম ও ইয়াবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে প্রবেশ করছে বলে দাবি করেন তিনি। তার মতে, মাদকের বিস্তার দেশের যুবসমাজের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান।
মাদক ও সন্ত্রাসবিরোধী কমিটি, বড় হরিশপুরের সভাপতি ওহিদ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক মো. এনায়েত হোসেন চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন, থানা যুবদলের সভাপতি মো. আব্দুস সালাম, পৌর যুবদলের সভাপতি মো. মাহাবুব সরকার সজল, কমিটির সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সবুর তালুকদার এবং পরিবহন ব্যবসায়ী ও কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ আবু হানিফ মিয়া।
এ সময় নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিম হোসেনকে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। আল-আমিন সরকার দুলালকে সাংগঠনিক সম্পাদক, মো. আব্দুস সালামকে সহসাংগঠনিক সম্পাদক এবং ৩ নম্বর ওয়ার্ড পৌর যুবদলের সভাপতি মো. গোলাম মোস্তফাকে প্রচার সম্পাদক করা হয়।
সভাটি সঞ্চালনা করেন নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হামিম হোসেন।