ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী মিঠুন বৈরাগী গুরুতর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি ও পরিবারের আর্থিক অসচ্ছলতার বিষয়টি জানতে পেরে তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ন্যাশনাল হাসপাতালে ভর্তি রয়েছেন মিঠুন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ডেঙ্গুর কারণে রক্তে প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে বর্তমানে ৮ হাজারে নেমে এসেছে। এরই মধ্যে তাঁকে দুই দফায় প্লাটিলেট দেওয়া হলেও শারীরিক অবস্থার প্রত্যাশিত উন্নতি হয়নি।
মিঠুনের পরিবারের সদস্যরা জানান, আর্থিক সংকটের কারণে তাঁর চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালে গিয়ে মিঠুনের শারীরিক অবস্থার খোঁজ নেন হিমেল। এ সময় তিনি মিঠুনের চিকিৎসার পুরো ব্যয় বহনের ঘোষণা দেন।
হিমেল বলেন, ‘মিঠুনের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ আমি বহন করব। সে সুস্থ হয়ে বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আমি তার পাশে আছি।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো বিপদ-আপদে সব সময় পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ পাশে থাকব।’
এদিকে মিঠুনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁর দ্রুত সুস্থতার জন্য সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন।