ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি
সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত হয়েছে। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নতুন করে নির্বাহী আদেশে ছুটি যুক্ত হচ্ছে।

Advertisement

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকবে।

চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানেও এ ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!