ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০০, ২৬ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল, সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, দলটির এসব কর্মকাণ্ড সন্ত্রাসী তৎপরতা ছাড়া কিছু নয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের চার নেতার সীমান্ত এলাকায় গোপন বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, এটি একধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো আন্দোলন দেখা যায়নি। দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক রাখতেই তারা সীমান্ত এলাকায় ঘুরেছেন।

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে আন্দালিভ রহমান বলেন, তিনি দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। কোনো অগ্রহণযোগ্য অনুরোধ সরকার বিবেচনা করবে—এমন চিন্তা হাস্যকর।

শেখ হাসিনা ভারতে কীভাবে অবস্থান করছেন—আশ্রয়, পর্যটন ভিসা নাকি অন্য কোনো ব্যবস্থায়—তা বাংলাদেশ সরকারের জানা নেই বলেও জানান মন্ত্রী। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এ নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ।

আওয়ামী লীগের নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করে আন্দালিভ রহমান বলেন, একদিকে বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের গুরুত্বপূর্ণ নেতারা সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত।

দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না। দেশ এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে ভীতি তৈরির চেষ্টা করছে দলটি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

ভারতের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। এর প্রভাব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করাকে ভারতের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বজুড়ে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন আন্দালিভ রহমান। তিনি বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন বর্তমানে বিশ্বজুড়ে বড় ধরনের ব্যাধিতে পরিণত হয়েছে।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে কাজ করছেন। একই সঙ্গে বিএনপি সরকার কোনো গণমাধ্যমে হস্তক্ষেপ করার চিন্তা করছে না বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!