ইমাম মৃধার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন
গোপালগঞ্জে ইমাম মৃধা নামে এক যুবকের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, হত্যার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার উলপুর বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত ইমাম মৃধার স্বজনসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইমাম মৃধার মৃত্যু নিয়ে শুরু থেকেই তাঁদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ রয়েছে। তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্বজনরা। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করার দাবি জানান তাঁরা।
.png)
স্বজনদের দাবি, ইমাম মৃধার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ দেখা গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
স্বজনরা জানান, ইমাম মৃধা গোপালগঞ্জ জেলা শহরের একটি শাড়ির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ।
মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন স্বজনরা। তাঁদের অভিযোগ, ঘটনাটি নিছক আত্মহত্যা কি না, তা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা দরকার।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের সন্দেহ দূর হবে না। তাই দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইমাম মৃধার মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানান তাঁরা।
ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।