ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

র‍্যাংকিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে কৌশলগত কর্মশালা

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৫ অক্টোবর ২০২৬
র‍্যাংকিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে কৌশলগত কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নয়নে আয়োজিত কর্মশালায় অতিথি ও অংশগ্রহণকারীরা। ছবি:ডেইলি বাংলাদেশ

জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অবস্থান উন্নত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান উন্নয়নসংক্রান্ত কমিটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘সুনামের গণ্ডি পেরিয়ে: বৈশ্বিক র‍্যাংকিংয়ের প্রেক্ষাপটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কৌশলগত অবস্থান’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ও র‍্যাংকিং-বিষয়ক পরামর্শক ড. ফাহাদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কাউছার আহমেদ পাটোয়ারী।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, শুধু ভালো গবেষণাপত্র বা প্রকাশনা থাকলেই বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জন করতে পারে না। বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা, পরিবেশ ও একাডেমিক স্বচ্ছতার মতো বিষয়ও র‍্যাংকিংয়ে প্রভাব ফেলে।

উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরিফুল করীম বলেন, বিশ্ববিদ্যালয়ে যথাযথ নথিপত্র সংরক্ষণের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। র‍্যাংকিংয়ে অবস্থান উন্নত করতে হলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেককে নিজ নিজ যোগ্যতা ও অবস্থান থেকে এ কাজে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের জন্য কাজ করছি। বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে রূপ দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কাজ দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করতে পারলে শিগগিরই আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জন করা সম্ভব হবে।’

র‍্যাংকিং উন্নয়ন কর্মশালার প্রশিক্ষক ড. ফাহাদ হোসাইন বলেন, আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে মানসম্মত গবেষণার বিকল্প নেই। বাংলাদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান তৈরি করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়কেও র‍্যাংকিং উন্নয়নে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, গবেষণা অনুদান ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষাছুটিতে থাকা শিক্ষকদের সম্পৃক্ততা বাড়ানো, দূরদর্শী ও কৌশলগত নেতৃত্ব, আন্তর্জাতিক অতিথি ও খণ্ডকালীন শিক্ষক নিয়োগ, কার্যকর জনসংযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণ এবং সময়োপযোগী নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ফলাফলভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, এসব ক্ষেত্রে কার্যকর ও ধারাবাহিক উদ্যোগ নেওয়া গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান আরও উন্নত করা সম্ভব।

ডেইলি-বাংলাদেশ/কুবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!