ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রাবিতে ফুটসাল গ্রাউন্ড নির্মাণের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে ফুটসাল গ্রাউন্ড নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও স্টেডিয়াম সংস্কারেও সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট ২০২৬-২৭-এর ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসের খেলার মাঠের একটি অংশে ফুটসাল গ্রাউন্ড নির্মাণের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসককে একটি গ্রাউন্ড নির্মাণের দায়িত্ব নিতে বলেছেন তিনি। পাশাপাশি নিজেও একটি ফুটসাল গ্রাউন্ড নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম ক্যাম্পাসের ভেতরে ফুটসাল খেলার ব্যবস্থা করার দাবি জানান। তিনি বলেন, বর্তমানে শিক্ষার্থীদের ফুটসাল খেলতে ক্যাম্পাস থেকে কয়েক কিলোমিটার দূরে যেতে হয়। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসেই এ সুযোগ পায়, সে জন্য প্রতিমন্ত্রীর সহযোগিতা চান তিনি।
বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের গ্যালারির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, প্রথমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে এত সুন্দর গ্যালারি দেখে তিনি অভিভূত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
স্টেডিয়ামের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে উপাচার্য বলেন, এই স্টেডিয়াম থেকেই একসময় অলিম্পিয়ান সাইদুর রহমান ডন এবং বাংলাদেশের দ্রুততম মানবী সুফিয়া খাতুনের মতো ক্রীড়াবিদ তৈরি হয়েছেন। সাম্প্রতিক সময়ে শিরিন ও নার্গিসের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ও উঠে এসেছেন।
তিনি আরও বলেন, স্টেডিয়ামটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণের পাশাপাশি রাতে খেলাধুলার আয়োজনের উপযোগী করে তোলার স্বপ্ন রয়েছে তার।
এদিকে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) টুর্নামেন্ট ২০২৬-২৭-এর ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় দুই দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। তবে সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলার জন্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ বাড়ানো প্রয়োজন। এবারের আয়োজনের বাজেট সীমিত থাকলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরাদ্দ বাড়িয়ে সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করা হয়েছে।
গত ১৬ নভেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৯টি দল অংশ নেয়। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।