ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মৃত ও হেলে পড়াসহ নদী পাড়ের ৪৫০টি গাছ কাটার সিদ্ধান্ত

গাবখানে নদী পাড়ের
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২৪ নভেম্বর ২০২৬
মৃত ও হেলে পড়াসহ নদী পাড়ের ৪৫০টি গাছ কাটার সিদ্ধান্ত
ঝালকাঠির গাবখান-শেখেরহাট সড়কে নদী তীর সংলগ্ন বনাঞ্চল।

ঝালকাঠির গাবখান নদীপাড়ে দুই হাজার গাছ না, ৪৫০টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি।

রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভা পরিচালনা করেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন 'ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলন' ও ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল হক সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ। গাবখান নদীর পাড় রক্ষায় চলমান পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজের জন্য গাছ কাটার সংখ্যা নির্ধারণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো- গাবখান বাজার থেকে বারুহার পর্যন্ত প্রায় ৪কিলোমিটার এলাকায় প্রায় দুই হাজার (১৮১৫টি) গাছ কাটার। এবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে শুধু মৃত ও হেলে পড়াসহ কেবল নদীর পাড় ঘেঁষা ৪৫০টি গাছ কাটার বিষয়ে একমত হয়েছে কমিটি। তবে আগেই কাটা হয়েছিল ১৬০টি গাছ। এতে নতুন করে মার্কিং করা ৪৫০টিসহ মোট গাছ কাটা পড়বে ৬১০টি। তবে আনুপাতিক হারে এর পাঁচগুণ অর্থাৎ ৩০৫০টি গাছ রোপণ করা হবে। 


প্রসঙ্গত, গত ১০মার্চ সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে চিঠি লিখে গাছ কাটা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন পরিবেশকর্মী ইসমাঈল মুসাফির। এরপর জেলার সব পরিবেশকর্মী ও সাংবাদিকরাও একাত্মতা ঘোষণা করে প্রতিবাদ জানাতে থাকেন। চলমান আন্দোলনের মুখে গাছ কাটার কার্যক্রম স্থগিত করেন জেলা প্রশাসক। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ।


এরপর পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের নকশা পরিবর্তন করতে উচ্চ পর্যায়ে চিঠি লিখলে ৫মাস পর নতুন নকশা চূড়ান্তের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ টিআইবির সনাক সভাপতি এবং পরিবেশকর্মীরা একযোগে ২৬ সেপ্টেম্বর স্থানটি সরজমিন পরিদর্শন করে নতুনভাবে স্বল্পসংখ্যক গাছ মার্কিংয়ের অনুমতি দেন। সেই অনুযায়ী রবিবার (২২ নভেম্বর) পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় নতুন মার্কিং করা এই ৪৫০টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়।


এ বিষয়ে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন তার বক্তব্যের শুরুতেই ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথমে তার লিখিত আবেদন ও তাদের নিয়মমাফিক আন্দোলনের কারণেই এখন অনেক গাছ রক্ষা পাবে। প্রথমে প্রশাসন সময় স্বল্পতা ও উন্নয়নের স্বার্থে একভাবে চিন্তা করেছে। এখন ভালো হলো- উন্নয়নও হবে আবার পরিবেশের ক্ষতিও কম হবে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এসএম জিয়াউদ্দিন হায়দার ও ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদারসহ সব পরিবেশকর্মীকে ধন্যবাদ জানান।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!