ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র শ্রীপুর, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ আর পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকা। মঙ্গলবার বিকেলে থেকে ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার সামনে শুরু হওয়া শ্রমিক বিক্ষোভ একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া যান (এপিসি) নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রায় ৪০ মিনিট ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন শিল্পাঞ্চল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। বেতন বৃদ্ধির দাবিতে ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ওই এলাকায় যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ গড়গড়িয়া মাস্টারবাড়ী-শ্রীপুর আঞ্চলিক সড়ক ধরে সামনে অগ্রসর হলে শ্রমিকেরা কিছুটা পিছু হটেন। তবে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ চলতে থাকে। পরে সাঁজোয়া যান (এপিসি) নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় দফায় দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান।
প্রায় ৪০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে গড়গড়িয়া মাস্টারবাড়ী ও আশপাশের এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এ অংশে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। শিল্পকারখানার শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে জনবহুল মহাসড়ক ও আশপাশের এলাকায় এমন পরিস্থিতি স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে।
এদিকে দিনভর গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনার মধ্যে শ্রীপুরে নতুন করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে জেলার শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বিকেলে শ্রমিকেরা গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ী আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির সুনির্দিষ্ট পরিমাণ, সংঘর্ষে আহত বা আটকের সংখ্যা এবং কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।