ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পায়রার ভাঙনে বিলীনের পথে ১০ গ্রাম, টিকছে না কোটি টাকার বাঁধ

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ২৪ নভেম্বর ২০২৬
পায়রার ভাঙনে বিলীনের পথে ১০ গ্রাম, টিকছে না কোটি টাকার বাঁধ
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রমত্তা পায়রা নদীর অব্যাহত ভাঙনে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকার বেড়িবাঁধ বারবার ধসে পড়ছে। ভাঙন ঠেকাতে কোটি টাকা ব্যয়ে সংস্কার ও জিও ব্যাগ ফেলা হলেও নদীর প্রবল স্রোতে টিকছে না প্রতিরোধ ব্যবস্থা। সংস্কারের অল্প সময়ের মধ্যেই বাঁধের একাধিক অংশ নদীতে বিলীন হয়েছে। কোথাও সৃষ্টি হয়েছে বড় ফাটল। এতে বসতভিটা, ফসলি জমি ও জনপদ হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, অস্থায়ী সংস্কার নয়, এবার প্রয়োজন টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ।

সম্প্রতি তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্কার করা ৫৯০ মিটার বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের মধ্যে প্রায় ১২০ মিটার অংশ ধসে পায়রা নদীতে বিলীন হয়েছে। নদীর তলদেশে ভাঙন ও পানির ঘূর্ণাবর্তকে এর প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটার অংশে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর আওতায় তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ করা হয়। এসব কাজের চুক্তিমূল্য ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থবছরে দুটি প্যাকেজের কাজ করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাকি তিনটি প্যাকেজের কাজ করে মেসার্স আরএস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর কাজ শেষ হয়।

তবে চলতি অর্থবছরে বাস্তবায়িত তিনটি প্যাকেজের মধ্যে দুটি প্যাকেজের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য একটি অংশেও ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, বাঁধটি ভেঙে গেলে তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ নিশানবাড়িয়া ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হতে পারে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, আমন ধান ও মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

সরেজমিনে দেখা যায়, ভাঙন ঠেকাতে নদীতে ফেলা জিও ব্যাগ ও পাইলিং করা বেড়িবাঁধের একাধিক অংশ ধসে পড়ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটারজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে এসেছে। ভাঙনের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তেঁতুলবাড়িয়ার বাসিন্দা আকবর হোসেন বলেন, ‘যখন বেড়িবাঁধের কাজ করা হয়েছিল, তখন নদী অনেক দূরে ছিল। পরে ভাঙতে ভাঙতে নদী কাছে চলে এসেছে। এখন বাঁধও ভেঙে যাচ্ছে। সামনে আরও বন্যা আসবে বলে মনে হচ্ছে। এ অবস্থায় আমরা কী করব, বুঝতে পারছি না।’

স্থানীয় আরেক বাসিন্দা জয়নাল হাওলাদার বলেন, ‘একসময় এই বাঁধ নদীর মধ্যে ছিল, এখানে মানুষের বসতি ছিল। এখন কিছুই নাই। বাঁধ ভাঙতে ভাঙতে ঘরবাড়ি তো গেলই, এখন গ্রামটাও বিলীনের পথে। এরকম চলতে থাকলে এই গ্রাম আর বেশিদিন থাকবে না।’

তিনি আরও বলেন, ‘সরকার আসে, সরকার যায়; কিন্তু এখানকার মানুষের ভাগ্য বদলায় না। ভাঙনে সবকিছু শেষ হয়ে গেলেও সরকার এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করে না। মানুষের জানমাল রক্ষায় বারবার জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করা হলেও নদীর পানির তোড়ে সেগুলো আবার ভেঙে যায়।’

পরিবেশ বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী আরিফ রহমান বলেন, তেঁতুলবাড়িয়া এলাকায় ভাঙনের স্থান থেকে কিছু দূরেই বঙ্গোপসাগরের মোহনা। ভৌগোলিক অবস্থান ও নদীর গতিপ্রকৃতির কারণে সেখানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। ফলে এলাকাটি বারবার ভাঙনের মুখে পড়ছে। অস্থায়ী বাঁধ দিয়ে সাময়িকভাবে প্লাবন ঠেকানো সম্ভব হলেও স্থায়ী সমাধানের জন্য বড় প্রকল্পের আওতায় টেকসই বাঁধ নির্মাণ জরুরি।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান আরএস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. রাসেল কাজের গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের কাজে কোনো গাফিলতি ছিল না। অফিসের ডিজাইন অনুযায়ী আমরা শতভাগ কাজ বাস্তবায়ন করেছি।’

এ বিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, কাজ চলাকালে বেড়িবাঁধ থেকে নদী বেশ দূরে ছিল। সামুদ্রিক নিম্নচাপের কারণে উত্তাল নদীর ঢেউয়ের আঘাতে যাতে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত না হয়, সে জন্য বাঁধের ঢাল জিও ব্যাগ দিয়ে আচ্ছাদিত করা হয়েছিল।

তিনি আরও বলেন, বর্তমানে ওই স্থানে নদীর তলদেশে ভাঙন শুরু হয়েছে। এ ভাঙন ঠেকাতে নদীতে জিও ব্যাগ ও ব্লক ফেলা প্রয়োজন। কিন্তু এ মুহূর্তে প্রয়োজনীয় বাজেট নেই। তবে ওই এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!