ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রাজশাহী পরীক্ষা দিয়ে ফেরার ট্রেনে ছিনতাই, মরদেহ উদ্ধার
ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ট্রেনে করে রাজশাহী যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার (২৭)।
তাঁর বাড়ি পাবনা জেলার ঘর নাগড়ায়। তিনি নওশের আলীর ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে নাটোরের আব্দুলপুর রেলওয়ে স্টেশনে স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্র। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে মনোয়ারের মোবাইল ফোন ছিনতাই এবং তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনার তথ্য পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুস সালাম স্টেশনে চা পান করতে গেলে স্থানীয় লোকজন চারজনের সন্দেহজনক চলাফেরা সম্পর্কে তাঁকে জানান। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় স্থানীয়দের সহযোগিতায় তাঁদের পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন—আকাশ (২৩), আব্দুর রহিম (৩০), রাব্বি ওরফে হৃদয় এবং ১৬ বছর বয়সী এক কিশোরী। তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানায়, উদ্ধার করা মোবাইলটি ছিনতাই করা হয়েছে। ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনের ছাদে থাকা মনোয়ারের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
পরে উদ্ধার করা মোবাইল ফোনে সংরক্ষিত নম্বরে যোগাযোগ করে আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ তাহের আলী মনোয়ারের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর বাবা নওশের আলী আব্দুলপুরে এসে মোবাইল ফোনটি ছেলের বলে শনাক্ত করেন। এরই মধ্যে কোনাবাড়ী এলাকায় একটি মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
ঘটনাটি ঈশ্বরদী রেলওয়ে থানাকে জানানো হয়েছে। আটক চারজনকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
চাকরির পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক ঘটনায় মনোয়ারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।