ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

আবুবকর ছিদ্দিক, বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ২৪ নভেম্বর ২০২৬
বান্দরবানে রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানের খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উপলক্ষে ভোর ৫টায় বিশ্বশান্তি কামনায় সূত্রপাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশের আয়োজন করা হয়। সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।

পরে বিহারে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবর দান ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।

এ সময় চীবর উৎসর্গ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, বৈখ্যংপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উত্তামাচারা মহাথের, রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ: কেতু মহাথের, আবাসিক প্রধান ভদন্ত নাইন্দাসারা ভিক্ষু ও ধর্মজ্যোতি ভিক্ষুসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, রাজপুত্র চহ্লাপ্রু জিমি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং, পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং ও চনুমং মারমা এবং খ্যং ওয়াহ্ ক্যং রাজগুরু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মং ক্য শোয়েনু নেভী। এ ছাড়া বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা উৎসবে অংশ নেন।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি এবং সেই সুতা দিয়ে চীবর (কাপড়) বুনে ভিক্ষুদের দান করা হয়। কায়িক, বাচনিক ও মানসিক পুণ্য অর্জনের বিশেষ উপলক্ষ হিসেবে এ দানকে দানোত্তম বা কঠিন চীবর দান বলা হয়।

প্রবারণা পূর্ণিমার পর এক মাস ধরে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাজগুরু বৌদ্ধ বিহারেও তুলা থেকে সুতা তৈরি এবং তাঁতে চীবর বুননের আনুষ্ঠানিকতা শুরু হয় সোমবার। সারারাত তাঁতে চীবর বুননের পর মঙ্গলবার ভোর ৪টায় তা বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে উৎসর্গ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বিহারে পিণ্ডদান অনুষ্ঠিত হবে। এতে শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও উপাসিকা অংশ নেবেন।

ডেইলি-বাংলাদেশ/বান্দরবান/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!