ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
চসিকের অভিযানে চট্টগ্রামে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় জামালখান থেকে লালদীঘির পাড় পর্যন্ত শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি চার দোকান মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩ নভেম্বর, সোমবার নগরীর কোতোয়ালী থানার জামালখান, চেরাগী পাহাড়, মোমিন রোড, আন্দরকিল্লা ও লালদীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক বিভিন্ন ধরনের অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার দোকান মালিককে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোবাইল কোর্টের কাজে বাধা দেওয়ায় এক ব্যক্তিকে কোতোয়ালী থানার ভ্রাম্যমাণ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযানে জামালখান সিঁড়ির মাথা এলাকা থেকে প্রায় দুই মণ বিভিন্ন ধরনের সবজি জব্দ করা হয়। পরে সেগুলো কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা ভ্যানগাড়ি, টং দোকান ও ফুট স্টলসহ সাতটি মালামাল জব্দ করা হয়েছে।
অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।