ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জাবির গণিত বিভাগে স্বর্ণপদক পেলেন ৪ শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের চার কৃতী শিক্ষার্থীকে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিভাগের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠানে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হয়।
স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—২০২২ সালে স্নাতক (সম্মান) শ্রেণিতে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী রিয়া আক্তার এবং স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী স্বর্ণা সরকার। এছাড়া ২০২৩ সালে স্নাতকোত্তর শ্রেণিতে সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য মো. মাসুদ রানা ও রিয়া আক্তারকে স্বর্ণপদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, নিরলস প্রচেষ্টা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার করে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বৃদ্ধি করতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
উপাচার্য আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র তৈরিতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রণোদনা দিতে পারে উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে ট্রাস্ট ফান্ড গঠন একটি ভালো মাধ্যম হতে পারে।'
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুব কবির এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নূরুল আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, সাবেক অধ্যাপক ড. সৈয়দ সাব্বির আহমেদ, অধ্যাপক মোহাম্মদ হুমায়ূন কবির ও অধ্যাপক মোতালেব হোসেন।
পদক প্রদান শেষে বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।