ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথমবারের মতো আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে অংশ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। মালয়েশিয়ায় আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিয়ে প্রায় ২০টি দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছে বিশ্ববিদ্যালয়টি। এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান কুবির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরে প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রিসোর্ট হোটেলে এ সম্মেলন শুরু হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান।
সম্মেলনের প্রথম দিনেই বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইরাসমাস প্লাস প্রকল্পে অংশগ্রহণের সুযোগ নিয়ে মতবিনিময় করেন তারা।
সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে মশিউর রহমান বলেন, প্রথম দিনেই প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে সৌদি আরবের প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, তাদের লক্ষ্য শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার সুফল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইরাসমাস প্লাস প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মশিউর রহমান আশা প্রকাশ করেন, এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণায় অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হবে।
ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টির বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দুটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ পেয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল ডায়ার, দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা জামব্রি আবদুল কাদির এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাফরি বিন মোহাম্মদ রহিম। এ ছাড়া মালয়েশিয়ায় ইরাসমাস প্লাসের ন্যাশনাল ফোকাল পয়েন্টের প্রতিনিধি মোহাম্মদ আরিফিন বিন আবু হাসান অনুষ্ঠানে অংশ নেন।
ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। পাশাপাশি শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ে নতুন অংশীদারত্ব এবং যৌথ উদ্যোগের সুযোগ তৈরি করা।