ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
৫৫বছরেও সংরক্ষিত হয়নি রাজাপুরের বধ্যভূমিগুলো
বরিশাল অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের শোক আর গর্বের দিন ২৩নভেম্বর। এদিন দুই বীর মুক্তিযোদ্ধার প্রাণের বিনিয়মে আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকহানাদার মুক্ত হয় ঝালকাঠির রাজাপুর থানা। স্বাধীনতার ৫৫বছরেও রাজাপুর উপজেলার বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হয়নি। উল্লেখযোগ্য দু’টি স্থানে স্মৃতি ফলক থাকলেও অন্যান্যগুলো রয়েছে অযত্ন অবহেলায়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও গুরুত্বপূর্ণ স্থানগুলো এখনো সংরক্ষণের উদ্যোগের অপেক্ষায়। এতে শহীদদের স্মৃতি রক্ষা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা নিয়ে ক্ষোভ ও আক্ষেপ রয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের।
১৯৭১সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে রাজাপুর থানা সর্ব প্রথম পাক হানাদার মুক্ত হয়। বৃহত্তর বরিশালের রাজাপুরের আকাশে উড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১সালের ২২নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা রাজাপুর থানা আক্রমণ করেন। শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে প্রায় তিনশত মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করেন। পরদিন সকাল পর্যন্ত চলে যুদ্ধ। এ যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দু’জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন কমপক্ষে ২০জন মুক্তিযোদ্ধা। ওই সময়ে মুক্তিযুদ্ধে রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন কেরামত আলী আজাদ। মুক্তিযুদ্ধে সারা দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। রাজাপুর থানা ছিল বরিশাল সাব সেক্টরের অধীনে। সাব সেক্টরের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি তৈরি করেন। রাজাপুর থানায় সম্মুখ যুদ্ধ শুরু হলে শাহজাহান ওমর এ যুদ্ধে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শাহজাহান ওমর ঝালকাঠি জেলায় একমাত্র বীরউত্তম খেতাবে ভূষিত হন।
বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা বলেন, রাজাপুরের সম্মুখযুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই মুক্তিযোদ্ধা শহীদ হন। দীর্ঘ লড়াইয়ের পর ২৩নভেম্বর সকালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ বিজয় ছিল এ অঞ্চলের মুক্তিকামী মানুষের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল বরিশাল সাব-সেক্টরের অধীন। ক্যাপ্টেন শাহজাহান ওমর কানুদাসকাঠিতে মুক্তিযোদ্ধাদের ঘাঁটি স্থাপন করেছিলেন। রাজাপুর থানায় সম্মুখযুদ্ধ শুরু হলে তিনিও সরাসরি অংশ নেন এবং সেদিন গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন।
মুক্তিযোদ্ধাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজাপুর থানা ঘাটের বধ্যভূমিতে প্রায় ৭০০ থেকে ৮০০ নিরীহ বাঙালিকে হত্যা করা হয়। এ ছাড়া সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান ওমরের বাড়ির সামনের বধ্যভূমিতে হত্যা করা হয় আরও প্রায় ২০০ মানুষকে। অথচ এত বড় গণহত্যার স্মৃতিবিজড়িত স্থানগুলো এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। নেই প্রয়োজনীয় স্মৃতিফলক কিংবা নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার পর্যাপ্ত ব্যবস্থা।
স্বাধীনতার ৫৫ বছর পরও রাজাপুরের বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো অরক্ষিত থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আক্ষেপ রয়েছে। ইতিহাসের সাক্ষী এসব স্থান সংরক্ষণ করা গেলে একদিকে যেমন শহীদদের প্রতি যথাযথ সম্মান জানানো হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে রাজাপুরের মুক্তির গৌরবোজ্জ্বল ইতিহাস।
রাজাপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ-আলম নান্নু বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছেন। অনেক মুক্তিযোদ্ধা আজও নানা সংকটের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাদের অবদান ও স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন।’
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের ৫৫বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তিনি সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ ঘর পাননি। অনেকেই সরকারের দেওয়া ঘর পেলেও তিনি বঞ্চিত রয়েছেন। মৃত্যুর আগে অন্তত একটি ঘর পাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেন, ‘যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, সেই দেশের দেওয়া উপহারের ঘরে শেষ জীবন কাটাতে পারলে মৃত্যুর পরও শান্তি পাব।’
মুক্তিযোদ্ধা শাহ-আলম খসরু, বাবুল খলিফা ও জালাল খান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। বধ্যভূমিগুলো চিহ্নিত করে সংরক্ষণ, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং নতুন প্রজন্মকে এসব স্থানের ইতিহাস জানার সুযোগ করে দিতে হবে। তা না হলে একসময় মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাজাপুরের বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।