ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কালিয়াকৈরে টেপবল বিপিএলের জমকালো যাত্রা,
বর্ণিল সাজে সজ্জিত মাঠ, শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে, দর্শকদের উচ্ছ্বাস আর আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ সব মিলিয়ে উৎসবের আমেজে গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে টেপবল বিপিএল-২০২৬। দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টটিকে দিয়েছে আন্তর্জাতিক আবহ। চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণায় প্রতিযোগিতার আকর্ষণও বেড়েছে বহুগুণ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিটিসিএ) উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। বর্ণিল সাজে প্রস্তুত করা মাঠে দর্শকদের জন্য রাখা হয়েছে গ্যালারি ও আধুনিক প্রযুক্তির ব্যবস্থা।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশ নিচ্ছে। পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ বিভিন্ন দেশের বিদেশি খেলোয়াড় এবং আইকন খেলোয়াড়দের অংশগ্রহণ থাকছে। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা ও আকর্ষণীয় পুরস্কার। রানার্সআপ দলের জন্য রয়েছে পাঁচ লাখ টাকা। এ ছাড়া প্রতিদিনের ম্যাচেও থাকছে আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজবন্ড। টুর্নামেন্টের খেলাগুলো পাকিস্তানের একটি স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচারের কথা জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শুধু একটি ক্রিকেট প্রতিযোগিতায় সীমাবদ্ধ থাকবে না; বরং স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের সামনে নিজেদের দক্ষতা তুলে ধরার নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে তরুণদের মাঠমুখী করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সারোয়ার হোসেন আকুল বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের আয়োজনের অন্যতম প্রধান লক্ষ্য। টেপবল বিপিএল-২০২৬-এ দেশের বিভিন্ন অঞ্চলের ১২টি দল অংশ নিচ্ছে। বিদেশি ও আইকন খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলবে।’