ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মিরসরাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৭, ২৩ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মিরসরাইয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন নুরুল আমিন এমপি। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভা ও ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বারইয়ারহাট গার্লস স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরান সরওয়ার্দীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি। প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈনউদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, সাবেক সদস্য সচিব নিজাম উদ্দিন কমিমনার, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান সানি এবং উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, শান্তির জনপদকে অশান্ত করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। দলীয় নেতাকর্মীদের নিয়ে তারা মাঠে রয়েছেন। কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

সমাবেশ শেষে বারইয়ারহাট গার্লস স্কুলের ফটক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের দক্ষিণ প্রান্ত প্রদক্ষিণ করে মাঝামাঝি এলাকায় কাশবন হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/মীরসরাই/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!