ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবিতে মাদকবিরোধী ক্যাম্পেইন, সচেতনতামূলক প্রচারণায় শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ২৩ নভেম্বর ২০২৬
চবিতে মাদকবিরোধী ক্যাম্পেইন, সচেতনতামূলক প্রচারণায় শিক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী সংগঠন ভয়েস অব স্টুডেন্টস (ভিওএস) ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়। কলা ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, কেন্দ্রীয় শহীদ মিনার, লেডিস ঝুপড়ি ও রেলস্টেশনসহ বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুল হোসাইন মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, ‘মাদক আর পড়াশোনা একসঙ্গে চলতে পারে না। মাদক আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়, আর শিক্ষা নিয়ে যায় উন্নত জীবনযাপনের পথে। আশা করি, শিক্ষার্থীরা সব সময় মাদক থেকে দূরে থাকবে এবং সুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।’

ভিওএসের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘মাদক একজন শিক্ষার্থীর ব্যক্তিগত জীবন, শিক্ষাজীবন ও ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমরা এমন ক্যাম্পাস চাই, যেখানে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে জ্ঞানচর্চা করতে পারবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক তানিয়া আক্তার মাহি বলেন, ‘মাদক প্রতিরোধ কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।’

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন ভিওএসের সিনিয়র সহসভাপতি আবু নাসিম, অর্থ সম্পাদক আরাফাত রিয়াদ, লজিস্টিক সম্পাদক ওসমান গনি, মাল্টিমিডিয়া সম্পাদক ফরহান এবং কার্যনির্বাহী সদস্য আবরার রহমান ও শামীম আহম্মেদ।

ভিওএস জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/চবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!