ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুবির ভর্তি পরীক্ষায় কমল জিপিএর শর্ত, আসন বাড়ল ১৮০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতায় শিথিলতা আনা হয়েছে। তিনটি ইউনিটেই কমানো হয়েছে জিপিএর শর্ত। পাশাপাশি গত শিক্ষাবর্ষের তুলনায় এবার আসন বেড়েছে ১৮০টি। ফলে বিশ্ববিদ্যালয়টিতে মোট আসনসংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০টিতে।
গত বুধবার (১১ নভেম্বর) উপাচার্য কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত শিক্ষাবর্ষে কুবিতে আসনসংখ্যা ছিল ৮৯০টি। চলতি শিক্ষাবর্ষে তা বাড়িয়ে ১ হাজার ৭০টি করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৩৬০টি, ‘বি’ ইউনিটে ৪৭০টি এবং ‘সি’ ইউনিটে ২৪০টি আসন রয়েছে।
বিভাগভিত্তিক আসন বিন্যাসে দেখা যায়, ‘এ’ ইউনিটের বিজ্ঞান অনুষদের গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও রসায়ন বিভাগে ১০টি করে মোট ৪০টি আসন বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে ১০টি করে আসন বেড়েছে। এ ইউনিটে মোট আসন বেড়েছে ৬০টি।
‘বি’ ইউনিটের কলা ও মানবিক অনুষদের বাংলা ও ইংরেজি বিভাগে ১০টি করে ২০টি আসন বাড়ানো হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১০টি করে মোট ৫০টি আসন বেড়েছে। এ ছাড়া আইন বিভাগে বাড়ানো হয়েছে আরও ১০টি আসন। সব মিলিয়ে এ ইউনিটে আসন বেড়েছে ৮০টি।
অন্যদিকে, ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা অনুষদের ব্যবস্থাপনা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে ১০টি করে মোট ৪০টি আসন বাড়ানো হয়েছে।
আবেদনের যোগ্যতায় ‘এ’ ইউনিটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পৃথকভাবে (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
‘বি’ ইউনিটে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের দুই পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৭৫ এবং মোট জিপিএ ৫.৫০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ নির্ধারণ করা হয়েছে।
‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ ৫.৫০ এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ৬.০০ থাকতে হবে। এ ইউনিটেও পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে।
এ ছাড়া ‘বি’ ইউনিটের ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। ইংরেজি ও আইন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার ইংরেজি অংশে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। দিন-রাতের যেকোনো সময়, এমনকি সরকারি ছুটির দিনেও আবেদন করা যাবে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কেও কেন্দ্র হিসেবে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আগামী ২৫ নভেম্বরের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নূরুল করিম চৌধুরী বলেন, উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভার আলোকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় আবেদনের জিপিএর শর্ত কমানো হয়েছে। তবে ভর্তির তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।