ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জনবসতিপূর্ণ এলাকায় সিংহ, জীবিত ধরতে অভিযান
তুরস্কের ইস্তাম্বুলের জনবসতিপূর্ণ এলাকায় একটি সিংহীর বিচরণ শনাক্ত হওয়ার পর সেটিকে জীবিত ধরতে অভিযান শুরু করেছে পুলিশ ও বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীরা। শহরের সারিয়ার জেলার উসকুমরুকয় এলাকায় প্রাণীটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে। এ ঘটনায় আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার সন্ধ্যায় স্থানীয় এক বাসিন্দা প্রথম প্রাণীটিকে দেখতে পান। পরে এলাকার নিরাপত্তা ক্যামেরার ফুটেজেও সেটির উপস্থিতি ধরা পড়ে। ফুটেজে প্রাণীটিকে ঘাসে ঢাকা একটি জায়গা দিয়ে চলাচল করতে দেখা যায়। এরপরই স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে।
ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রাণীটির অবস্থান শনাক্ত করা হয়েছে। সেটিকে জীবিত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তল্লাশি অভিযানে তুরস্কের জাতীয় উদ্যান অধিদপ্তরের বিশেষজ্ঞ, পশুচিকিৎসক, পুলিশ ও জেন্ডারমেরি সদস্যরা অংশ নিয়েছেন। বনের ভেতরে প্রাণীটির অবস্থান শনাক্ত করতে তাপ শনাক্তকারী ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে। তবে সর্বশেষ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সেটিকে আটক করা সম্ভব হয়নি।
সারিয়ার জেলার মেয়র মুস্তাফা ওকতাই আকসু স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ করা হচ্ছে।
প্রাণীটি কোথা থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আশপাশের কোনো ব্যক্তিগত বাসা থেকে এটি পালিয়ে এসে থাকতে পারে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
তুরস্কের আইন অনুযায়ী, শখের বশে বা পোষা প্রাণী হিসেবে সিংহের মতো হিংস্র বন্য প্রাণী পালন নিষিদ্ধ। কেবল অনুমোদিত চিড়িয়াখানা ও বন্য প্রাণী সংরক্ষণকেন্দ্রে নির্ধারিত শর্ত মেনে এসব প্রাণী রাখা যায়।