ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

সুদানে ড্রোন হামলায় নিহত ৪, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ২৩ নভেম্বর ২০২৬
সুদানে ড্রোন হামলায় নিহত ৪, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুম ও আশপাশের এলাকায় ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) ভোরে চালানো এসব হামলায় আবাসিক ভবনের পাশাপাশি জাতিসংঘের একটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ওই ভবনে জাতিসংঘের কর্মীরা অবস্থান করছিলেন। খার্তুম বিমানবন্দর ও সরকারি স্থাপনাগুলোও ড্রোনের লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে।

আলজাজিরা ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সুদানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন প্রতিহত করার চেষ্টা করে।

খার্তুমের অপর পাশে নীল নদের তীরবর্তী ওমদুরমানের উত্তরাঞ্চলে একটি বাড়িতে ড্রোন আঘাত হানলে একই পরিবারের তিনজন নিহত হন এবং অন্তত নয়জন আহত হন। এ ছাড়া রাজধানীর দক্ষিণে জাবাল আওলিয়া এলাকায় পৃথক হামলায় একটি শিশুর মৃত্যু হয়।

জাতিসংঘের সুদানে নিযুক্ত আবাসিক ও মানবিক সমন্বয়ক ডেনিস ব্রাউন জানান, রাজধানীর একটি বেসামরিক এলাকায় জাতিসংঘের স্থাপনায় ড্রোন হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় সেখানে জাতিসংঘের কর্মীরা উপস্থিত ছিলেন। মানবিক সহায়তাকর্মীদের এভাবে ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) এ হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তাকর্মীরা কোনো পক্ষের বৈধ লক্ষ্যবস্তু হতে পারেন না। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। তবে তারা হামলার দায় স্বীকার করেনি। সুদানের সেনাবাহিনীর একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ড্রোনগুলো প্রতিবেশী ইথিওপিয়ার বাহির দার বিমানবন্দর থেকে উড়েছিল। তবে এ দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি। ইথিওপিয়া এর আগে সুদানের এমন অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাত চলছে। দীর্ঘ এই যুদ্ধে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাতের কারণে সুদানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!