ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আদালত অবমাননার বক্তব্যের ব্যাখ্যা দিলেন ফুয়াদ
আদালত অবমাননার বিষয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, বিচারিক প্রক্রিয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে ‘এখানে’ শব্দটি ব্যবহার করেছিলেন। এর মাধ্যমে ট্রাইব্যুনাল নয়, বরং পুরো বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন ফুয়াদ।
তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শব্দচয়নে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারকরা। বক্তব্যের কারণে যেন জনমনে অনাস্থা তৈরি না হয় কিংবা কোনো প্রতিষ্ঠানকে ঢালাওভাবে দুর্নীতিগ্রস্ত বলা না হয়, সে বিষয়ে তারা সতর্ক করেছেন।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিচারিক প্রক্রিয়া নিয়ে জনমনে যেন বিতর্ক বা প্রশ্ন তৈরি না হয়, সে বিষয়ে ট্রাইব্যুনাল আহ্বান জানিয়েছেন। তিনি এ বিষয়ে একমত হয়েছেন। বিচার বিভাগের প্রতি নিজের সম্মানের কথা জানিয়ে ফুয়াদ বলেন, তিনি নিজেও একজন আইনজীবী। তাই ভবিষ্যতে এ ধরনের বিষয়ে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন।
বিচার বিভাগকে সামগ্রিকভাবে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপনের বিষয়ে ট্রাইব্যুনাল আপত্তি জানিয়েছেন উল্লেখ করে ফুয়াদ বলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতির সাক্ষাৎকার ও টিআইবির প্রতিবেদনের প্রসঙ্গ টেনে এ ধরনের বক্তব্য উপস্থাপন সঠিক নয় বলে জানিয়েছেন বিচারকরা। কোনো প্রতিষ্ঠানকে সাধারণভাবে দুর্নীতিগ্রস্ত বলা হলে তা ওই প্রতিষ্ঠানের মানহানির মতো বিষয় হতে পারে বলেও তারা মনে করেন।
গত ২৮ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে দেওয়া বক্তব্যের একটি অংশের ব্যাখ্যা দিতে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছিল বলে জানান ফুয়াদ। তিনি বলেন, গত ১ নভেম্বর চিঠি দিয়ে এ নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণে ৪ নভেম্বর হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীরা সময় নেন।
ফুয়াদ বলেন, ওই বক্তব্যের মূল বিষয় ছিল সংস্কার। জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার কোন কোন ক্ষেত্রে সংস্কার থেকে পিছিয়ে আসছে, তা নিয়ে বিভিন্ন খাত ধরে সমালোচনা করেছিলেন তিনি। বিশেষ করে সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠা এবং হাইকোর্টের বিচারক নিয়োগের নীতিমালা নিয়ে কথা বলেছিলেন। কিন্তু বক্তব্যের একটি অংশ নিয়ে গণমাধ্যমে ‘ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
তিনি আরও বলেন, বিভিন্ন পর্যায়ে টাকা-পয়সার লেনদেনের খবর সংবাদমাধ্যমে এসেছে। এরই মধ্যে একজন প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব ঘটনায় হতাশা থেকেই পুরো বিচারিক প্রক্রিয়ায় লেনদেনের কথা বলেছিলেন তিনি। তবে ট্রাইব্যুনালের বিচারক বা কোর্টরুমকে নির্দিষ্ট করে কোনো অভিযোগ করেননি।
ফুয়াদের ভাষ্য, গণমাধ্যম তার বক্তব্যের একটি অংশ উদ্ধৃত করে এমন শিরোনাম দিয়েছে, যেন পুরো কথাটি তিনি এক বাক্যে বলেছেন। অথচ বক্তব্যের ধারাবাহিকতা ও প্রেক্ষাপট বিবেচনায় ‘এখানে’ বলতে তিনি পুরো বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছেন। বিষয়টি ট্রাইব্যুনালে ব্যাখ্যা করেছেন এবং বিচারকরা তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছেন। একই সঙ্গে বিষয়টির নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি।
গণমাধ্যমের শিরোনামের দায় নিজের ওপর নিতে পারবেন না উল্লেখ করে ফুয়াদ বলেন, তার বক্তব্য গণমাধ্যম কীভাবে প্রকাশ করবে বা কী শিরোনাম দেবে, তা তার নিয়ন্ত্রণে নেই। এসব বিষয়েও ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিয়েছেন তিনি। বিচারকরা তার সঙ্গে সম্মানজনক আচরণ করেছেন এবং তাদের সব বক্তব্যই পরামর্শ ও উপদেশমূলক ছিল।