ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রাশিয়াকে ‘আধ্যাত্মিক আশ্রয়স্থল’ করতে চান পুতিন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪, ২৩ নভেম্বর ২০২৬
রাশিয়াকে ‘আধ্যাত্মিক আশ্রয়স্থল’ করতে চান পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ধর্মীয় ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ রক্ষা করতে চান—এমন বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য রাশিয়া একটি ‘আধ্যাত্মিক আশ্রয়স্থল’ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের দাবি, পশ্চিমা বিশ্বের খ্রিষ্টান গির্জাগুলো ঐতিহ্যবাহী নীতি ও বিশ্বাস থেকে সরে আসায় সমাজে তাদের প্রভাব কমছে। বিপরীতে, রাশিয়ার অর্থোডক্স খ্রিষ্টধর্ম ঐতিহ্যবাহী মূল্যবোধ ধরে রাখায় নতুন অনুসারী আকৃষ্ট করছে।

শুক্রবার (২০ নভেম্বর) রুশ অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের ৮০তম জন্মদিন উপলক্ষে সার্বীয় চলচ্চিত্র নির্মাতা এমির কুস্তুরিৎসার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন।

সাক্ষাৎকারে রাশিয়ার ঐতিহাসিক ও আধ্যাত্মিক পরিচয় তুলে ধরতে গিয়ে কয়েক শতাব্দী পুরোনো ‘মস্কো তৃতীয় রোম’ ধারণার কথা উল্লেখ করেন তিনি।

পুতিন বলেন, ‘মস্কো তৃতীয় রোম, এর পরে আর চতুর্থ কোনো রোম হবে না।’ তাঁর মতে, প্রাচীন রোম ও বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের পর রাশিয়া আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক হয়ে ওঠে। পবিত্র মূল্যবোধ ও ঐতিহ্য রক্ষার দায়িত্বও পালন করে আসছে দেশটি।

রাশিয়াকে মহান সভ্যতা হিসেবে তুলে ধরার অর্থ অন্য প্রাচীন সভ্যতাকে ছোট করা নয় বলেও মন্তব্য করেন পুতিন। এ প্রসঙ্গে তিনি চীন ও ভারতের উদাহরণ দেন। তাঁর ভাষায়, চীনা সভ্যতা বিভিন্ন সময়ে বিদেশি শাসকদের প্রভাব গ্রহণ করেও টিকে রয়েছে। অন্যদিকে ভারত তার ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য ধরে রেখেছে।

পুতিনের দাবি, রুশ সভ্যতার বিশেষত্ব হলো—এটি বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিজেদের স্বকীয়তা বজায় রাখার সুযোগ দিয়েছে। অন্য জাতিগোষ্ঠীর ধর্ম, ভাষা ও সংস্কৃতি বিলুপ্ত করার চেষ্টা করেনি।

তিনি বলেন, ‘রুশ সভ্যতা কখনো অন্যদের দখল করে নেয়নি। বরং বিভিন্ন জাতিগোষ্ঠীকে তাদের ধর্ম, ঐতিহ্য ও ভাষা ধরে রাখার সুযোগ দিয়েছে। এটিই রুশ সভ্যতার একটি অনন্য বৈশিষ্ট্য।’

রাশিয়ার আধ্যাত্মিক আশ্রয়স্থল হয়ে ওঠার সম্ভাবনা শুধু ইতিহাস বা ধর্মীয় ঐতিহ্যের বিষয় নয়, বর্তমান বাস্তবতাতেও এর প্রতিফলন দেখা যাচ্ছে বলে দাবি করেন পুতিন।

তাঁর ভাষ্য, ইউরোপসহ পশ্চিমা দেশগুলোর কিছু মানুষ ইতোমধ্যে রাশিয়ায় বসতি গড়েছেন। নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে এবং সন্তানদের ঐতিহ্যবাহী ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী বড় করতে তাঁরা সেখানে গেছেন।

পুতিন মনে করেন, রাশিয়া শুধু অর্থোডক্স খ্রিষ্টানদের জন্য নয়, বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষের জন্যও আশ্রয়স্থল হতে পারে।

তিনি বলেন, ‘রাশিয়া মানুষের জন্য রক্ষাকবচ বা নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে কি না—এ প্রশ্নের উত্তরে বলব, এটি শুধু অর্থোডক্স খ্রিষ্টানদের জন্য হবে না। এমনকি শুধু খ্রিষ্টানদের জন্যও নয়।’

এ প্রসঙ্গে রাশিয়ার চারটি ঐতিহ্যবাহী ধর্মের কথা উল্লেখ করেন তিনি। এগুলো হলো—অর্থোডক্স খ্রিষ্টধর্ম, ইসলাম, ইহুদি ধর্ম ও বৌদ্ধধর্ম। পুতিনের মতে, ধর্মীয় বিশ্বাসে পার্থক্য থাকলেও এসব ধর্মের মধ্যে মৌলিক নৈতিক মূল্যবোধের মিল রয়েছে। দেশটিতে এসব ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছেন।

সাক্ষাৎকারে পশ্চিমা সমাজের কিছু সংখ্যালঘু অধিকার আন্দোলনের ক্রমবর্ধমান আগ্রাসী প্রবণতারও সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। তবে তিনি দাবি করেন, রাশিয়া কারও অধিকার সীমিত করতে চায় না।

পুতিন বলেন, ‘আমরা কারও কোনো অধিকার সীমিত করার চেষ্টা করছি না।’ তাঁর ভাষায়, মানুষের আধ্যাত্মিকতা এবং মানবজাতির ধারাবাহিকতা রক্ষা করা রুশ রাষ্ট্রীয় নীতি ও অর্থোডক্স চার্চের অভিন্ন লক্ষ্য।

পশ্চিমা খ্রিষ্টান গির্জাগুলোর প্রভাব কমে যাওয়ার কারণ জানতে চাইলে পুতিন বলেন, ধর্মীয় শিক্ষা ও বিধান আধুনিক করার নামে এসব গির্জা ঐতিহ্যবাহী নীতি থেকে সরে যাচ্ছে। এতে সমাজে তাদের অবস্থান শক্তিশালী হওয়ার পরিবর্তে দুর্বল হচ্ছে।

তিনি বলেন, ‘গির্জাগুলো ধর্মীয় বিধান থেকে সরে আসায় সমাজে তাদের অবস্থান শক্তিশালী হচ্ছে না, বরং উল্টো ফল দেখা যাচ্ছে।’

পুতিনের দাবি, এর বিপরীতে ঐতিহ্যবাহী মূল্যবোধ সংরক্ষণে অবিচল থাকায় অর্থোডক্স খ্রিষ্টধর্ম নতুন অনুসারী পাচ্ছে।

তথ্যসূত্র: আরটি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!