ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় রোভার স্কাউট কোর্সের সমাপনী

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৯, ২৩ নভেম্বর ২০২৬
পাবনায় রোভার স্কাউট কোর্সের সমাপনী
ছবি: সংগৃহীত

দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে পাবনায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ৪২৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী হয়েছে। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের ব্যবস্থাপনা ও অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন জেলার ৪৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব।

সমাপনী দিনের বিশেষ সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) ও বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সম্পাদক মো. আলী আকবর মিঞা।

বক্তারা বলেন, স্কাউটিং শুধু প্রশিক্ষণ বা সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শৃঙ্খলা, মানবিকতা, দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার একটি অনন্য শিক্ষাপদ্ধতি। একজন দক্ষ ও আদর্শ ইউনিট লিডার তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং সেবামূলক কাজে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তাঁরা আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। একজন স্কাউট নেতার সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত দক্ষতায় সীমাবদ্ধ নয়; বরং তাঁর নেতৃত্বে কতজন দক্ষ, সৎ, দায়িত্বশীল ও সেবাপরায়ণ মানুষ তৈরি হলো, তার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত।

পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে স্কাউটিংয়ের মৌলিক ধারণা, ইউনিট পরিচালনা, নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক দক্ষতা, শৃঙ্খলা ও সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। কোর্সটি পরিচালনার দায়িত্বে ছিলেন কোর্স লিডার অধ্যাপক ড. মো. আব্দুর রহমান (এলটি)।

প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশরাফ আলী (এলটি), মো. আবু সাইদ আক্রামুজ্জামান (এলটি), অধ্যাপক মো. বেলাল হোসেন (উডব্যাজার), ইকরাম আহমেদ খান (উডব্যাজার), মো. হাসান আলী (উডব্যাজার), এস এম মোস্তাফিজুর রহমান (উডব্যাজার), মো. আবুল হাসান (উডব্যাজার), শামীমা আক্তার (উডব্যাজার) ও মোছা. নাজমা খাতুন (উডব্যাজার)।

প্রশিক্ষণে পাবনা, বগুড়া, নাটোর ও রাজবাড়ীসহ বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কাউট গ্রুপের ৪৪ জন শিক্ষক ও স্কাউট সংগঠক অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন পাবনার এম এস মুক্ত রোভার স্কাউট গ্রুপের মাহবুবুল আলম ফারুক, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার মো. শফিক আল কামালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সমাপনী পর্বে দীক্ষা গ্রহণ, ব্যাজ পরিধান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যাম্পফায়ার এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষ ও আদর্শ ইউনিট লিডার হিসেবে গড়ে উঠবেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে স্কাউট আন্দোলনের প্রসার, তরুণদের নেতৃত্বের বিকাশ এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!