ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দুই কিডনি ক্ষতিগ্রস্ত, চবি শিক্ষার্থী তীব্রের চিকিৎসায় প্রয়োজন ৩০ লাখ টাকা
যে বয়সে পড়াশোনা, স্বপ্ন আর ভবিষ্যৎ গড়ার কথা, সেই ১৯ বছর বয়সেই জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবনসংকটে পড়েছেন রাজবাড়ীর তরুণ তীব্র বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর দুটি কিডনিই প্রায় ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা। তবে অসচ্ছল পরিবারের পক্ষে এত বিপুল অর্থের সংস্থান করা সম্ভব হচ্ছে না।
তীব্র বিশ্বাস রাজবাড়ী জেলার দাদশী ইউনিয়নের বামনীপুর গ্রামের বাসিন্দা। তিনি দুর্জয় কুমার বিশ্বাস ও শিখা রানী বিশ্বাসের সন্তান। বর্তমানে তার উন্নত ও জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।
সন্তানের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তীব্রের বাবা-মা। একদিকে সন্তানের জীবন বাঁচানোর চেষ্টা, অন্যদিকে চিকিৎসার বিপুল খরচ। সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের। পরিবারের একার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় তীব্রের চিকিৎসায় সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন মানবিক সংগঠনের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার। তাদের আশা, সবার সম্মিলিত সহযোগিতায় তীব্রের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।
১৯ বছরের এই তরুণের স্বপ্ন ও বেঁচে থাকার আকাঙ্ক্ষা যেন অর্থের অভাবে থেমে না যায়, সেই আকুতি পরিবারের। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পেলে তীব্রের চিকিৎসায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।