ঢাকা, সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পিটি চলাকালে অসুস্থ হয়ে হাসপাতালে ২০ শিক্ষার্থী
মাদারীপুরের শিবচরে বিদ্যালয়ে শারীরিক চর্চা (পিটি) চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ শিক্ষার্থী। সোমবার দুপুরে উপজেলার চরশ্যামাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো দুপুর ১২টার দিকে বিদ্যালয় মাঠে শারীরিক চর্চার আয়োজন করা হয়। শিক্ষক বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করানোর পর শরীরচর্চা শুরু হয়। এর ৩-৪ মিনিটের মধ্যে একে একে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কয়েকজন জ্ঞান হারালে স্থানীয়দের সহায়তায় তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর বিদ্যালয়ে উপস্থিত অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. সাইদুজ্জামান নাসিম জানান, শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা এখনো জানা যায়নি। অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং সবাই শঙ্কামুক্ত।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে মিজান জানান, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ জানতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক ও আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।