ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ইবির পঞ্চম সমাবর্তনে চড়া খরচ, রেজিস্ট্রেশনে অনাগ্রহী শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী বছর ২ ফেব্রুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ নিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলমান রয়েছে। তবে সমাবর্তনে সনদ ও রেজিষ্ট্রেশন ফি অতিরিক্ত হওয়ায় রেজিষ্ট্রেশনে আগ্রহ হারাচ্ছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ফলে সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি কমানো ও আবদেনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সমাবর্তনে অংশ নিতে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে এ কয়দিনে আবেদন তুলনামূলক কম হয়েছে। আবেদন কত পড়েছে এ নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরাও রেজিস্ট্রেশন ফি অতিরিক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে। এ নিয়ে ইতিমধ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্মারকলিপি দিয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নও অতিরিক্ত ফি হওয়ায় কমানোর দাবি জানিয়েছে। তবে এ নিয়ে প্রশাসনের তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না।
এ বিষয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানান, "সমাবর্তন আমাদের দীর্ঘ শিক্ষাজীবনের একটি স্বপ্ন হলেও ৫ম সমাবর্তনের অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি সাধারণ শিক্ষার্থীদের নাগালের বাইরে চলে গেছে। পড়াশোনা শেষ করে এ অবস্থায় এত টাকা খরচ করে সমাবর্তনে অংশ নেওয়া অনেকের পক্ষে সহজ না। এছাড়া যাদের স্নাতকোত্তর এখনো শেষ হয়নি অনেকেই টিউশনি বা ছোটখাটো কাজের মাধ্যমে কোনোমতে নিজেদের খরচ চালায়। এতটাকা দিয়ে রেজিস্ট্রেশন করা প্রায় অসম্ভব। যাতে অর্থের অভাবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা সমাবর্তনের মতো একটি বহুল আকাঙ্ক্ষিত আয়োজন থেকে বঞ্চিত না হয়। শিক্ষার্থীদের সামর্থ্যের কথা ভেবে অতিরিক্ত ফি পুনর্বিবেচনা করার দাবি জানান তারা।
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, "বহুল প্রতীক্ষিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের তারিখ নির্ধারণের পর শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ, আগ্রহ ও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, রেজিস্ট্রেশন ফি ঘোষণার পর তা অনেকটাই ম্লান হয়ে গেছে। শুরু থেকেই আমরা বিভিন্ন মাধ্যমে রেজিস্ট্রেশন ফি যৌক্তিক ও সহনীয় পর্যায়ে কমিয়ে আনার দাবি জানিয়ে আসছি। কিন্তু দুঃখজনকভাবে, এ বিষয়ে প্রশাসন এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে। এর পাশাপাশি রেজিস্ট্রেশনের জন্য মাত্র ১৫ দিন সময় নির্ধারণ করায় অনেক শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। আমি মনে করি, এখনো সময় আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে বিষয়টি পুনর্বিবেচনা করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবির প্রতি ইতিবাচক সাড়া দিতে পারে।"
এবিষয়ে সমাবর্তন রেজিস্ট্রেশন উপকমিটির সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খানকে একাধিকবার ফোন করলেও কোন সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সমাবর্তনে মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ পর্যন্ত অংশ নিতে পারবেন। ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মাস্টার্স (সন্ধ্যাকালীন) ডিগ্রিধারীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে স্নাতক ও স্নাতকোত্তর (মাস্টার্স) নিবন্ধন ফি (সম্মান) ৪ হাজার ৫০০ টাকা করা হয় এবং সনদ ফি যথাক্রমে ৫০০ ও ৭০০ টাকা করা হয়। এমফিল সনদের জন্য ১ হাজার টাকা, পিএইচডি ডিগ্রির জন্য ২ হাজার টাকা করা হয়। এছাড়াও সান্ধ্যকালীন রেজিষ্ট্রেশন ৫৫০০ ও সনদ ফি ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।