ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ২৪ নভেম্বর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচ। পরে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘আজকে যে দুটি দলের মধ্যে খেলা হয়েছে, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। খেলায় জয়-পরাজয় থাকে, কিন্তু বাই লজের কারণে আজকে দুটি দলই বিজয়ী হয়েছে। আমি অপেক্ষায় ছিলাম যে টাইব্রেকারের মাধ্যমে হয়তোবা খেলার নিষ্পত্তি হবে। আমি দুদলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতার সাংগঠনিক ও অভ্যর্থনা কমিটির সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

গত ১৬ নভেম্বর শুরু হওয়া নয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৯টি দল অংশ নেয়। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।

ফাইনাল খেলা উপভোগ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/রাবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!